হলিউডের থ্রিলার সিরিজে প্রিয়াঙ্কার নতুন মিশন

আবারও হলিউডের পর্দায় দাপট দেখাতে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া। ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওর বহুল আলোচিত স্পাই থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় কিস্তি নিয়ে ফিরছেন এই গ্লোবাল আইকন। প্রথম সিজনে দুর্দান্ত অ্যাকশন ও অভিনয় দিয়ে দর্শকদের মাতানোর পর এবার আরও বড় পরিসরে ফিরছেন তিনি।

সম্প্রতি স্ট্রিমিং জায়ান্ট প্রাইম ভিডিও সিরিজটির দ্বিতীয় সিজনের ট্রেলার প্রকাশ করেছে। ট্রেলারে প্রিয়াঙ্কাকে আবারও ধুন্ধুমার অ্যাকশনে দেখা গেছে। একই সঙ্গে জানানো হয়েছে সিরিজটির মুক্তির তারিখ। আগামী ৬ মে থেকে বিশ্বজুড়ে সিরিজটির স্ট্রিমিং শুরু হবে। এই সিজনেও প্রিয়াঙ্কার সঙ্গে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন জনপ্রিয় হলিউড অভিনেতা রিচার্ড ম্যাডেন।

‘সিটাডেল’ মূলত একদল এলিট গোয়েন্দার লড়াইয়ের গল্প। মেসন কেন (রিচার্ড ম্যাডেন), নাদিয়া সিন (প্রিয়াঙ্কা চোপড়া) এবং বার্নার্ড অরলিক (স্ট্যানলি তুচি) এই তিন গোয়েন্দা ‘ম্যান্টিকোর’ নামক এক শক্তিশালী অপরাধী চক্রের হাত থেকে বিশ্বকে রক্ষার লড়াইয়ে নামেন। প্রথম সিজনে দেখা গিয়েছিল স্মৃতিলোপ পাওয়া এই গোয়েন্দাদের পুনরুত্থানের কাহিনী। নতুন সিজনে দেখা যাবে, পৃথিবীকে এক ভয়াবহ ষড়যন্ত্র থেকে বাঁচাতে তারা নতুন দল গঠন করেছেন এবং শুরু করেছেন এক শ্বাসরুদ্ধকর মিশন।

অ্যামাজন এমজিএম স্টুডিও এবং রুসো ব্রাদার্সের ব্যানারে নির্মিত এই সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবে আছেন অ্যান্থনি রুসো ও জো রুসো। শো-রানার ও পরিচালক হিসেবে কাজ করছেন ডেভিড ওয়েইল। প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের সিজনটি আগের চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর ও আধুনিক অ্যাকশন দৃশ্যে ভরপুর হতে যাচ্ছে। প্রিয়াঙ্কার এই নতুন মিশন দেখার জন্য এখন মুখিয়ে আছেন বিশ্বজুড়ে তার কোটি ভক্ত।