অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সারান্ডন দাবি করেছেন, ফিলিস্তিনিদের প্রতি প্রকাশ্য সমর্থন এবং গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের সমালোচনার কারণে সম্প্রতি বেশ কয়েকটি সিনেমার কাজ হারিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, হলিউডের কয়েকটি প্রভাবশালী এজেন্সি প্রযোজকদের তাকে কাজে না নেওয়ার পরামর্শ দিচ্ছে।
সম্প্রতি ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা ‘দ্য ইকো চেম্বার’-এর প্রচারে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ৭৯ বছর বয়সী এই অভিনেত্রী।
সারান্ডন বলেন, তাঁর ফিলিস্তিনপন্থী সক্রিয়তার কারণে চলচ্চিত্র অঙ্গনের একটি অংশ তাকে এড়িয়ে চলছে। তাঁর ভাষ্য, ফিলিস্তিনের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গে জায়নবাদের সম্পর্ক নিয়ে মানুষের প্রচলিত ধারণায় পরিবর্তন এসেছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কী পরিমাণ অর্থ সহায়তা দেয়, সে বিষয়টিও এখন অনেক বেশি মানুষের কাছে স্পষ্ট হয়েছে।
সারান্ডনের দাবি, সম্প্রতি তাঁর বেশ কয়েকটি সিনেমার কাজ বাতিল হয়েছে। কিছু এজেন্সি এখনো প্রযোজকদের তাকে কাজে না নেওয়ার পরামর্শ দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এমন পরিস্থিতি তৈরি হলেও আন্তর্জাতিক অঙ্গনে তিনি বেশ সমাদৃত।
‘ডেড ম্যান ওয়াকিং’ সিনেমায় অভিনয়ের জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পাওয়া সারান্ডন ‘দ্য রকি হরর পিকচার শো’, ‘বুল ডারহাম’ ও ‘থেলমা অ্যান্ড লুইস’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। দীর্ঘদিন ধরে মার্কিন পররাষ্ট্রনীতি, যুদ্ধ ও মানবাধিকার নিয়ে প্রকাশ্যে মত দিয়ে আসছেন তিনি।
২০২৩ সালে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে মন্তব্যের পর তাঁর দীর্ঘদিনের ট্যালেন্ট এজেন্সি ইউটিএ তাকে বাদ দেয়। এর আগে ইসরায়েলে হামাসের হামলার প্রায় এক মাস পর একটি ফিলিস্তিনপন্থী সমাবেশেও অংশ নিয়েছিলেন তিনি।
এদিকে চলতি বছরের ভেনিস চলচ্চিত্র উৎসবেও ফিলিস্তিন ইস্যুর প্রভাব দেখা যাচ্ছে। উৎসবে প্রদর্শিত ফিলিস্তিনি পরিচালকদের চলচ্চিত্রের প্রতি সংহতি জানিয়ে আয়োজকদের ফিলিস্তিনি পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।
বর্তমানে ইউরোপীয় চলচ্চিত্রে কাজ করছেন সারান্ডন। ভেনিস উৎসবে প্রদর্শিত ‘দ্য ইকো চেম্বার’ সিনেমায় একজন বয়স্ক সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ইতালীয় পরিচালক আন্দ্রেয়া পাল্লাওরোর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন অ্যালিসিয়া ভিকান্ডার ও লুকা মারিনেল্লি।
‘দ্য ইকো চেম্বার’ ভেনিস চলচ্চিত্র উৎসবের গোল্ডেন লায়নের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী ২১টি সিনেমার একটি। আগামী ১২ সেপ্টেম্বর পুরস্কারটি দেওয়া হবে।
সূত্র: দ্য গার্ডিয়ান
২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় হবে আন্তর্জাতিক পর্যটন মেলা
ঢাকা উত্তরের ভোটার হলেন আসিফ মাহমুদ
ফিলিস্তিনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন কাৎজ