‘ই.টি’, ‘ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস’ কিংবা ‘ক্লোজ এনকাউন্টার্স অফ দ্য থার্ড কাইন্ড’-এর মতো কালজয়ী সিনেমা উপহার দেওয়া নির্মাতা স্টিভেন স্পিলবার্গ আবারও ভিনগ্রহী বা এলিয়েনদের গল্প নিয়ে বড় পর্দায় ফিরছেন। তার আসন্ন সিনেমার নাম ‘ডিসক্লোজার ডে’, যা নিয়ে বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সম্প্রতি লাস ভেগাসে প্রযোজক সংস্থা ইউনিভার্সাল স্টুডিওস এই সিনেমার কিছু দৃশ্য প্রদর্শনী করেছে। অনুষ্ঠানে তিনবার অস্কারজয়ী এই পরিচালক তার দীর্ঘদিনের কৌতূহলের কথা জানিয়ে বলেন, ‘রাতের আকাশে কী ঘটছে, তা নিয়ে ছোটবেলা থেকেই আমার প্রবল আগ্রহ ছিল। এই সিনেমাটি যতটা না কল্পকাহিনী, তার চেয়ে অনেক বেশি বাস্তবের কাছাকাছি।’
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র ‘ড্যানিয়েল কেলনার’-এর ভূমিকায় অভিনয় করেছেন জশ ও’কনর। গল্পে দেখা যাবে, কেলনার পৃথিবীতে এলিয়েনদের উপস্থিতির প্রমাণ জোগাড় করতে মরিয়া। অন্যদিকে, কলিন ফার্থ অভিনয় করেছেন এক সরকারি এজেন্টের চরিত্রে, যার কাজ হলো এলিয়েনদের অস্তিত্ব গোপন রাখা। সিনেমাটিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন এমিলি ব্লান্ট ও কোলম্যান ডমিঙ্গো।
আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘ডিসক্লোজার ডে’। এর মাধ্যমে প্রায় ১০ বছর পর আবারও গ্রীষ্মে (সামার) কোনো বড় সিনেমা মুক্তি দিচ্ছেন স্পিলবার্গ। এর আগে ১৯৭৫ সালে তার পরিচালিত ‘জস’ সিনেমার মাধ্যমেই হলিউডে ‘সামার ব্লকবাস্টার’ ধারার শুরু হয়েছিল। স্পিলবার্গের মতে, এই সিনেমা দর্শকদের অনেক অজানা প্রশ্নের উত্তর দেবে এবং একই সঙ্গে নতুন কিছু ভাবনার জন্ম দেবে।