একটি চিকেন শপ। সামনে ভাজা মুরগি। আর তার বিপরীতে বসা তারকা অতিথি। অস্বস্তিকর নীরবতা, অদ্ভুত রসিকতা আর কথার ফাঁকে ফ্লার্ট, এই ভীন্নধর্মী সাক্ষাৎকার দিয়েই গত এক দশকে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন অ্যামেলিয়া ডিমোল্ডেনবার্গ।
তবে দীর্ঘ এই যাত্রার ইতি টানছেন ব্রিটিশ উপস্থাপক ও কনটেন্ট নির্মাতা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঘোষণা দিয়েছেন, তার জনপ্রিয় ইউটিউব অনুষ্ঠান চিকেন শপ ডেট শেষবারের মতো সম্প্রচারিত হতে যাচ্ছে। এক দশকের বেশি সময়ে শতাধিক তারকার সঙ্গে ডেটের মতো করে সাক্ষাৎকার নিয়ে অনুষ্ঠানটি অনলাইন সংস্কৃতিতে আলাদা জায়গা তৈরি করেছে।
অ্যামেলিয়ার সাফল্যের শুরু অবশ্য বড় তারকাদের দিয়ে হয়নি। কিশোর বয়সে দক্ষিণ লন্ডনের গ্রাইম শিল্পীদের সাক্ষাৎকার নেওয়ার মধ্য দিয়ে তার যাত্রা শুরু। পরে ২০১৪ সালে চিকেন শপ ডেট শুরু করেন তিনি। শুরুর দিকে অতিথি রাজি করানোই ছিল বড় চ্যালেঞ্জ।
২০২০ সালে অভিনেতা ড্যানিয়েল কালুইয়া অনুষ্ঠানে যোগ দিলে বড় মোড় আসে। অনুষ্ঠানে অ্যামেলিয়া জানান, রাস্তায় কেউ তাঁকে চিকেন বলে ডাকলে তিনি ঘুরে তাকান। কালুইয়ার সঙ্গে সেই পর্বটি প্রায় ৫০ লাখবার দেখা হয়। এরপর একে একে অনুষ্ঠানে আসেন পল ম্যাককার্টনি, ল্যান্ডো নরিস ও শানিয়া টোয়েনের মতো তারকারা।
তবে অনুষ্ঠানের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি তৈরি হয় জেনিফার লরেন্সকে নিয়ে। ২০২৩ সালের সেই পর্বে বিয়ের প্রস্তাব নিয়ে কথা বলার সময় লরেন্স হঠাৎ অ্যামেলিয়াকে ফিবি নামে ডাকেন। ভুল নাম নিয়ে দুজনের হাসির সেই মুহূর্ত দ্রুতই ভাইরাল হয়ে যায়।
২০২৪ সালে সাবরিনা কার্পেন্টারও অনুষ্ঠানে হাজির হন। তবে তিনি অনুষ্ঠানটিকে অন্য একটি জনপ্রিয় অনুষ্ঠান হট ওয়ানের সঙ্গে গুলিয়ে ফেলেন। একই বছর অ্যামেলিয়া নিজেই হট ওয়ানে অংশ নিয়ে ঝাল খাবারের চ্যালেঞ্জ গ্রহণ করেন।
অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে অ্যামেলিয়ার পর্বটি আবার অন্য কারণে আলোচনায় আসে। পর্দায় দুজনের স্বতঃস্ফূর্ত রসায়ন দেখে দর্শকদের একাংশ তাদের মধ্যে প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। গারফিল্ডও স্বীকার করেছিলেন, তাদের মধ্যে কিছুটা রসায়ন ছিল। যদিও পরে অ্যামেলিয়া জানান, তারা কেবল বন্ধু।
বিলি আইলিশ ও এইচের সঙ্গেও তার পর্ব ঘিরে একই ধরনের আলোচনা তৈরি হয়েছিল। তবে বাস্তব সম্পর্কের বিষয়টি কেউই নিশ্চিত করেননি।
অনুষ্ঠানের আরেকটি ভাইরাল মুহূর্ত আসে লুই থেরুর সঙ্গে সাক্ষাৎকারে। ২০২২ সালের সেই পর্বে থেরুর পুরোনো র্যাপ গান জিগল জিগল নিয়ে কথা বলেন অ্যামেলিয়া। প্রায় দুই দশক আগের সেই গান থেরু তখনও বেশ ভালোভাবেই মনে রেখেছিলেন। পরে সংগীত প্রযোজক ডিউক অ্যান্ড জোন্সের তৈরি সংস্করণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়।
চিকেন শপ ডেটের বিশেষত্ব ছিল মূলত এর অস্বস্তিকর অথচ মজার পরিবেশ। প্রচলিত তারকা সাক্ষাৎকারের বদলে অ্যামেলিয়া অতিথিদের সঙ্গে এমনভাবে কথা বলতেন, যেন সত্যিই তাদের প্রথম ডেটে বসেছেন। কখনো দীর্ঘ নীরবতা, কখনো অপ্রত্যাশিত প্রশ্ন, আবার কখনো নিজের ব্যক্তিগত বিষয় তুলে ধরে অতিথিকে অস্বস্তিতে ফেলা, এসবই হয়ে উঠেছিল অনুষ্ঠানের স্বতন্ত্র বৈশিষ্ট্য।
এক দশকের বেশি সময় ধরে অ্যামেলিয়ার সঙ্গে ডেটে বসেছেন সেন্ট্রাল সি, ডিগা ডি ও রোসালিয়ার মতো তারকারাও। তবে দ্বিতীয় ডেটের ক্ষেত্রে তার সাফল্য ততটা হয়নি।
বিদায়ী বার্তায় অ্যামেলিয়া লিখেছেন, ১৭ বছর বয়সে তিনি ভাবতেন, হয়তো কোনো একদিন চিকেন শপে ডেট করতে গিয়ে জীবনের ভালোবাসার মানুষটির দেখা পাবেন। এরপর তার বিশের পুরো দশক কেটে গেছে এমন সব অসাধারণ মানুষের মুখোমুখি বসে, যাঁদের সঙ্গে দেখা করার স্বপ্ন তিনি দেখতেন।
অস্বস্তিকর নীরবতা আর অদ্ভুত প্রশ্নের সেই দশক শেষ হতে চললেও, চিকেন শপ ডেটের মাধ্যমে অ্যামেলিয়া যে নিজেই একজন তারকায় পরিণত হয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। সূত্র: বিবিসি