সাংবাদিকতা আর বিনোদনের সীমারেখা কোথায়, এই প্রশ্নই সামনে এনেছে ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় থাকা প্রাইমটাইম। মার্কিন টেলিভিশনের আলোচিত অনুসন্ধানী অনুষ্ঠান টু ক্যাচ আ প্রিডেটর থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন।
শনিবার (৫ সেপ্টেম্বর) ভেনিসে সিনেমাটির নির্মাতা ও অভিনয়শিল্পীরা জানান, বাস্তব ঘটনা, টেলিভিশন বিনোদন এবং অনুসন্ধানী সাংবাদিকতার মধ্যকার অস্পষ্ট সীমারেখাই সিনেমাটির অন্যতম প্রধান বিষয়। এর গল্পের অনুপ্রেরণা মার্কিন টেলিভিশন উপস্থাপক ক্রিস হ্যানসেনের সেই অনুষ্ঠান, যেখানে শিশু সেজে থাকা অভিনয়শিল্পীদের ব্যবহার করে যৌন অপরাধে সন্দেহভাজন ব্যক্তিদের ফাঁদে ফেলা হতো। গোপন ক্যামেরায় ধারণ করা এসব অভিযান পরে টেলিভিশনে সম্প্রচার করা হতো।
পরিচালক ল্যান্স ওপেনহেইম বলেন, অনুষ্ঠানটিতে বাস্তব বিপদের সঙ্গে পরিকল্পিত ও নির্মিত পরিস্থিতির যে মিশ্রণ ছিল, সেটিই তাকে আকৃষ্ট করেছে। তার ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানের নির্মিত দৃশ্যগুলো শেষ পর্যন্ত অত্যন্ত বাস্তব ও বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতো।
সিনেমাটিতে প্যাটিনসনকে দেখা গেছে হ্যানসেনের চরিত্রে। গল্পে এনবিসিতে তার দ্রুত উত্থানের পাশাপাশি ব্যক্তিজীবনের ভাঙনও তুলে ধরা হয়েছে। একপর্যায়ে ট্যাবলয়েড সাংবাদিকের অনুসন্ধানের লক্ষ্যেও পরিণত হন তিনি।
তবে সিনেমাটি নিয়ে আপত্তি জানিয়েছেন খোদ ক্রিস হ্যানসেন। তিনি সিনেমাটির ট্রেলার দেখার পর এটিকে পুরোপুরি বানানো গল্প বলে সমালোচনা করেছেন। প্যাটিনসন অবশ্য তার মন্তব্যের জবাবে বিরোধিতার পথে না গিয়ে আশা প্রকাশ করেছেন, হ্যানসেন শেষ পর্যন্ত সিনেমাটি পছন্দ করবেন।
প্যাটিনসন জানান, শুরুতে তিনি হ্যানসেনকে ঘিরে সরাসরি সিনেমা বানানোর পরিকল্পনা করেননি। তবে গবেষণা যত এগিয়েছে, চরিত্রটির প্রতি তার আগ্রহ তত বেড়েছে। হ্যানসেনের কণ্ঠস্বর, আচরণ ও ব্যক্তিত্ব আয়ত্ত করা তার অভিনয়জীবনের অন্যতম কঠিন চ্যালেঞ্জ ছিল বলেও জানান তিনি।
সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বও পালন করেছেন প্যাটিনসন। এতে গ্র্যামিজয়ী গায়িকা-গীতিকার ফিবি ব্রিজার্সেরও চলচ্চিত্রে অভিনয়ে অভিষেক হয়েছে। প্যাটিনসন তার স্বতঃস্ফূর্ত অভিনয় ও তাৎক্ষণিকভাবে সংলাপ ও দৃশ্য সামলে নেওয়ার দক্ষতার প্রশংসা করেন।
ভেনিসের গোল্ডেন লায়ন পুরস্কারের জন্য এবার ২১টি সিনেমা প্রতিযোগিতা করছে। প্রাইমটাইমও রয়েছে সেই তালিকায়। আগামী ১২ সেপ্টেম্বর এবারের বিজয়ী ঘোষণা করা হবে। সূত্র: রয়টার্স