ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে হামলার শিকার হওয়ার পর কঠিন সময়ের অভিজ্ঞতা ও পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জীবনের কঠিন এক অধ্যায় পেরিয়ে এসে অপ্রত্যাশিত জায়গা থেকে পাওয়া সমর্থন তাকে নতুন করে উপলব্ধি করিয়েছে বলেও জানিয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত এই অভিনেত্রী।
নিজের ফেসবুকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক পোস্টে বাঁধন লিখেছেন, ‘জীবন যখন কঠিন সময়ের মুখোমুখি করে, তখন সবসময় মনে রাখবেন অন্য প্রান্তে হয়তো আপনার জন্য সুন্দর কিছু অপেক্ষা করছে।’ নিজের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘কী দীর্ঘ এক যাত্রা ছিল এটি! এমন এক যাত্রা, যেখানে ছিল কঠিন সব মুহূর্ত; ছিল অপমান, হয়রানি, শারীরিক আক্রমণের শিকার হওয়া, এমনকি নিজের মানুষদের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার মতো বেদনাদায়ক অভিজ্ঞতা। কিন্তু এত কিছুর মধ্যেও আমি একটি গভীর সত্য উপলব্ধি করেছি কখনো কখনো সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকেই আসে সবচেয়ে বড় সমর্থন।’
কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ও ইতালি সরকার, ইতালিতে বাংলাদেশ দূতাবাস, ইতালিয়ান পুলিশ এবং উৎসব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাঁধন। তিনি বলেন, ‘যখন আমার সবচেয়ে বেশি সহযোগিতা ও সমর্থনের প্রয়োজন ছিল, তখন আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন।’
নিজের কিছু মানুষ যখন দূরে সরে গিয়েছিল, তখন এসব প্রতিষ্ঠান ও ব্যক্তিই তার শক্তি ও সুরক্ষার গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছিল বলেও জানান এই অভিনেত্রী। শুধু প্রতিষ্ঠান নয়, ব্যক্তিগতভাবে যারা তার পাশে দাঁড়িয়েছেন, খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন কিংবা একটি ভালো কথা বলেছেন- তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাঁধন। তাদের প্রতি হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানিয়েছেন তিনি। সবশেষে আজমেরী হক বাঁধন লেখেন, ‘আমি আপনাদের সবাইকে ভালোবাসি।’
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভাই ও তার পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে সেখানে আওয়ামী লীগ সমর্থক কিছু ব্যক্তি তার ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর বাঁধনের পাশে দাঁড়ায় বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন। একই সঙ্গে দেশে-বিদেশে অসংখ্য মানুষ ঘটনার প্রতিবাদ জানান এবং অভিনেত্রীর প্রতি সমর্থন প্রকাশ করেন।
ফরিদপুর থেকে হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা, ঐতিহ্য রক্ষায় নেই উদ্যোগ
‘ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার’
ভোট না দিলে ‘জাহান্নামে যেতে হবে’: ট্রাম্প