আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতা ঋষভ শেঠি, সেরা ছবি ‘আকি

ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন দক্ষিণী অভিনেতা ঋষভ শেঠি। ‘কান্তারা: এ লিজেন্ড—চ্যাপ্টার ১’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি পেয়েছেন সিলভার পিকক। অন্যদিকে, পর্তুগাল ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত ‘আকি’ (Aquí) জিতেছে উৎসবের সেরা চলচ্চিত্রের পুরস্কার গোল্ডেন পিকক।

শনিবার (২৮ নভেম্বর) ভারতের গোয়ায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ঋষভ শেঠির অভিনয়ের প্রশংসা করেছে আন্তর্জাতিক বিচারকমণ্ডলী। চরিত্রের আবেগ ও শারীরিক অভিব্যক্তি ফুটিয়ে তোলার ক্ষেত্রে তাঁর দক্ষতাকে বিশেষভাবে স্বীকৃতি দিয়েছেন বিচারকেরা। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন সিলভার পিকক, সনদপত্র ও ১৫ লাখ রুপি।

এবারের উৎসবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে পর্তুগাল ও ফ্রান্সের যৌথ প্রযোজনার ‘আকি’। তিয়াগো গুয়েদেস পরিচালিত ২০৪ মিনিটের সিনেমাটি আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের ১৫টি চলচ্চিত্রকে পেছনে ফেলে গোল্ডেন পিকক জিতে নেয়। পুরস্কার হিসেবে সিনেমাটির পরিচালক ও প্রযোজক পেয়েছেন ৫১ লাখ রুপি।

স্মৃতিহীন এক পৃথিবীকে ঘিরে সিনেমাটির গল্প। এতে সিমন নামের এক ব্যক্তি ডেভিড নামে একটি শিশুর দায়িত্ব নেন। পরে ইনেস নামের এক নারীকে সঙ্গে নিয়ে তাঁরা একটি ভিন্নধর্মী পরিবার গড়ে তোলেন। শিশুটির স্বতন্ত্র চিন্তাভাবনা ও স্বাধীনচেতা মনোভাবের সঙ্গে সমাজের প্রচলিত নিয়মের সংঘাতই গল্পের অন্যতম বিষয়।

এদিকে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন জার্মান নির্মাতা ফোলকার শ্লন্ডর্ফ। ‘ভিজিটেশন’ সিনেমার জন্য তাঁকে দেওয়া হয়েছে সিলভার পিকক। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মায়া ও’রুর্ক। ‘দ্য মেল্টডাউন’ সিনেমায় অভিনয়ের জন্য এ স্বীকৃতি পেয়েছেন তিনি।

এ ছাড়া ‘দ্য গোল্ডেন এজ’ সিনেমার জন্য সেরা অভিষেক চলচ্চিত্র পরিচালকের পুরস্কার পেয়েছেন বেরেঞ্জার থুয়াঁ। বিশেষ জুরি পুরস্কার জিতেছে আর্জেন্টিনার সিনেমা ‘দ্য রিভার ট্রেন’। ভারতীয় চলচ্চিত্র বিভাগে সেরা নবাগত পরিচালক হয়েছেন বিশাল চতুর্বেদী। ‘হনুমান অংশ’ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।

গত ২০ নভেম্বর গোয়ায় শুরু হয়েছিল নয় দিনব্যাপী ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র ও নির্মাতাদের অংশগ্রহণে আয়োজিত এ উৎসব শেষ হয় শনিবার। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘স্টোরিজ উইদাউট বর্ডারস’ বা ‘সীমানাহীন গল্প’।