ইসরায়েলে নতুন সরকার গঠনের সমীকরণ মেলাতে বিরোধী শিবিরের নেতাদের মধ্যে আলোচনা চলছে। নাফতালি বেনেটের নেতৃত্বাধীন ‘বি’ইয়াহাদ’ এবং গাদি আইজেনকোটের ‘ইয়াশার’ জোটের মধ্যে বৈঠক তিন ঘণ্টার বেশি সময় ধরে চলেছে। এতে ইয়ার লাপিদের ‘ইয়েশ আতিদ’ দলের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন।
রোববার (২৯ নভেম্বর) দ্য টাইমস অব ইসরায়েল-এর রাজনৈতিক প্রতিবেদক আরিয়েলা কারমেল জানান, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে বেনেটের ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করেছে। তবে চূড়ান্ত জোট চুক্তিতে সই করার আগে অতি-গোঁড়া ইহুদি সম্প্রদায়ের (হারেদি) সদস্যদের সামরিক বাহিনীতে নিয়োগের বিষয়ে একটি সুস্পষ্ট কাঠামো দেখতে চান বেনেট।
হারেদি সম্প্রদায়ের সদস্যদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের প্রশ্নটি সরকার গঠনের আলোচনায় বড় বাধা হয়ে আছে। বেনেট ইয়েশিভা বা ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সার্বিক সামরিক অব্যাহতির বিরোধিতা করছেন। তাঁর অবস্থানের কারণে সম্ভাব্য সরকারে অতি-গোঁড়া ইহুদি দলগুলোর অন্তর্ভুক্তি নিয়েও আপত্তি রয়েছে।
তবে গত ২৬ নভেম্বর ইসরায়েলের সংবাদমাধ্যম কান-এর বরাতে দ্য টাইমস অব ইসরায়েল জানায়, আইজেনকোটের ‘ইয়াশার’ ও অতি-গোঁড়া ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের (ইউটিজে) মধ্যে সামরিক নিয়োগ আইন নিয়ে কয়েকটি মূল বিষয়ে সমঝোতা হয়েছে। প্রস্তাবিত কাঠামোয় হারেদিদের জন্য নিয়োগের নির্দিষ্ট কোটা বাতিল, ধর্মীয় শিক্ষায় নিয়োজিতদের যাচাইয়ে নজরদারি জোরদার এবং হারেদি পুরুষদের জন্য সামরিক বাহিনীতে আলাদা কর্মসূচি চালুর কথা রয়েছে। তবে এ সমঝোতার বিষয়টি বেনেটের আপত্তি দূর করতে পারেনি।
এদিকে সরকার গঠনের আলোচনা আরও জটিল হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন প্রস্তাব ঘিরে। শনিবার নেতানিয়াহু জানান, আইজেনকোটের নেতৃত্বে ঐক্য সরকার গঠিত হলে তিনি দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব মেনে নিতে পারেন। অর্থাৎ প্রথমে আইজেনকোট প্রধানমন্ত্রী থাকবেন, পরে দায়িত্ব নেবেন নেতানিয়াহু।
বেনেট এই ধরনের ঐক্য সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে লাপিদ ও বিরোধী জোটের অন্য কয়েকজন নেতা নেতানিয়াহুর প্রস্তাবকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আইজেনকোটের নেতৃত্বাধীন সম্ভাব্য চারদলীয় জোটের আসনসংখ্যা ১২০ সদস্যের পার্লামেন্টে ৪৮। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকোটের হাতে এ জন্য ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে; প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ আছে।
ফলে হারেদিদের সামরিক নিয়োগ, নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার এবং আরব দলগুলোর সমর্থন—এই তিনটি বিষয়কে ঘিরেই এখন ইসরায়েলের সরকার গঠনের আলোচনা আবর্তিত হচ্ছে। বেনেটের অবস্থান শেষ পর্যন্ত কোন দিকে যায়, তার ওপর বিরোধী শিবিরের সরকার গঠনের হিসাব অনেকটাই নির্ভর করছে।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল
ইয়েমেনে সৌদি হামলায় ব্যবহৃত বোমাটি যুক্তরাষ্ট্রের তৈরি: তদন্ত
আমিরাতের শাসককে নিয়ে ৫ চাঞ্চল্যকর দাবি
চলচ্চিত্র ও সংস্কৃতিতে সহযোগিতা বাড়াতে একমত ইরান-ভারত