যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে উপস্থিত হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মার্কিন গায়িকা চ্যাপেল রোয়ান। তার ব্যতিক্রমী এবং অত্যন্ত সাহসী পোশাক নির্বাচন রেড কার্পেটে উপস্থিত দর্শকসহ বিশ্বজুড়ে ভক্তদের রীতিমতো চমকে দিয়েছে।
গত রোববার (১ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে চ্যাপেল রোয়ান মেরুন রঙের একটি বিশেষ নকশার ‘মুগলার’ গাউন পরে হাজির হন।
তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল, গাউনটির উপরিভাগে কোনো কাপড় ছিল না। অর্থাৎ গায়িকা ছিলেন প্রায় অনাবৃত (টপলেস)। তার শরীরের উন্মুক্ত অংশে ছিল শৈল্পিক বডি আর্ট। বার্গান্ডি রঙের কোঁকড়ানো চুল আর বোল্ড স্মোকি আই মেকআপের সঙ্গে এই সাহসী সাজ তাকে এক ভিন্ন রূপ দান করে।
শুধু তাই নয়, পারফরম্যান্সের এক পর্যায়ে তিনি মঞ্চেই পোশাক পরিবর্তন করে রোমান ঘরানার অফ-শোল্ডার গাউন পরে দর্শকদের দ্বিতীয়বার অবাক করে দেন।
চ্যাপেল রোয়ানের এই ফ্যাশন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। কেউ কেউ তার এই সাহসী সৃজনশীলতার প্রশংসা করলেও, অনেকেই একে মাত্রাতিরিক্ত ও ‘বিতর্কিত’ বলে সমালোচনা করছেন।
এবারের আসরে চ্যাপেল রোয়ান তার আলোচিত গান ‘দ্য সাবওয়ে’-এর জন্য ‘রেকর্ড অফ দ্য ইয়ার’ এবং ‘সেরা পপ সোলো পারফরম্যান্স’ বিভাগে মনোনয়ন পেয়েছেন। এছাড়া ‘উই আর মুভিং দ্য নিডল ২০২৬ রেজোনেটর অ্যাওয়ার্ডস’-এ তিনি ‘হারমোনাইজার অ্যাওয়ার্ড’ সম্মাননায় ভূষিত হন। পুরস্কার গ্রহণের সময় আবেগপ্লুত চ্যাপেল সংগীতশিল্পীদের ন্যায্য মজুরি এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বলিষ্ঠ দাবি জানান।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘সেরা নতুন শিল্পী’ (বেস্ট নিউ আর্টিস্ট) বিভাগে পুরস্কার জিতেছিলেন চ্যাপেল রোয়ান। এবারের আসরেও তার উপস্থিতি এবং বক্তব্য সংগীতাঙ্গনে নতুন আলোচনার খোরাক জোগাচ্ছে।