হলিউডের দুই জনপ্রিয় তারকা রায়য়ান রেনল্ডস এবং জেসন মোমোয়া অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যানিমাল ফ্রেন্ডস’ (Animal Friends)-এর মুক্তি আবারও পিছিয়ে গেছে। ‘রোড ট্রিপ’ ঘরানার এই লাইভ-অ্যাকশন অ্যাডভেঞ্চার চলচ্চিত্রটি দেখার জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে আরও দীর্ঘ সময়। নতুন ঘোষণা অনুযায়ী, সিনেমাটি এখন ২০২৭ সালের ২২ জানুয়ারি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এর আগে ছবিটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছিল ২০২৬ সালের ১ মে। তারও আগে নির্মাতা প্রতিষ্ঠান এটি ২০২৫ সালের ১০ অক্টোবর মুক্তি দিতে চেয়েছিল। বারবার তারিখ পরিবর্তনের কারণ নিয়ে স্টুডিওর পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু জানানো না হলেও ধারণা করা হচ্ছে, ভিএফএক্স (VFX) এবং পোস্ট-প্রোডাকশনের কাজ নিখুঁত করতেই এই অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে।
কেভিন বুরোজ ও ম্যাট মাইডারের চিত্রনাট্যে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পিটার আতেনসিও, যিনি এর আগে ‘কিয়ানু’ এবং ‘দ্য মেশিন’-এর মতো জনপ্রিয় কমেডি ছবি উপহার দিয়েছেন। ‘লেজেন্ডারি’, ‘ম্যাক্সিমাম এফোর্ট’ এবং ‘প্রাইম ফোকাস স্টুডিওস’-এর প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি শুরুতে সনি পিকচার্সের অধীনে থাকলেও বর্তমানে এটি ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে মুক্তি পাবে।
সিনেমাটির অভিনয়শিল্পীদের তালিকায় রেনল্ডস ও মোমোয়া ছাড়াও রয়েছেন অব্রি প্লাজা, অ্যাডিসন রে, ড্যান লেভি এবং এলি ব্যাম্বারের মতো তারকারা।
বর্তমানে রায়য়ান রেনল্ডস তার ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এর বিশাল সাফল্যের রেশ কাটতে না কাটতেই ব্যস্ত রয়েছেন ‘মেডে’ সিনেমার কাজ নিয়ে। অন্যদিকে জেসন মোমোয়ার হাতে রয়েছে ‘সুপারগার্ল’, ‘স্ট্রিট ফাইটার’ এবং ‘ডিউন: পার্ট থ্রি’-এর মতো বড় সব প্রজেক্ট। ব্যস্ত এই তারকাদের বড় পর্দায় একসঙ্গে দেখার জন্য দর্শকদের এখন ২০২৭ সাল পর্যন্ত প্রহর গুনতে হবে।
ভারতের সেন্সরে আটকে আছে গাজায় নিহত শিশুকে নিয়ে সিনেমা
