কালজয়ী গানের স্রষ্টা শাহনেওয়াজের মৃত্যুতে শোক

বাংলাদেশ টেলিভিশনের সাবেক প্রযোজক ও প্রখ্যাত সুরকার-সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর আমাদের মাঝে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই গুণী শিল্পীর প্রয়ানে শোকপ্রকাশ করেছেন কানাডার মন্ট্রিয়লবাসী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে কানাডার মন্ট্রিয়ল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

মন্ট্রিয়লের বাসিন্দারা জানান, আমরা তার গুণমুগ্ধ। এই গুণী শিল্পীর মহাপ্রয়াণে শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন। তিনি চির শান্তিতে থাকুন। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা, শোক প্রকাশ করছি। মহান আল্লাহ শোকসন্তপ্ত পরিবার ও গুণগ্রাহী সকলকে ধৈর্য্য ও শক্তি দান করেন।

শাহনেওয়াজের কালজয়ী গানগুলোর মধ্যে- ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেললাইন বহে সমান্তরাল’, ‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি’, ‘আশা ছিল মনে মনে’, ‘বন্ধুরে তোর মন পাইলাম না’, ‘এক ফোঁটা বিষ আজ’, ‘আমি কার চোখ দিয়ে দেখব’, ‘চাঁদের পালকি চড়ি’, ‘এক নয়নে হয় না কান্দন’ অন্যতম। জনপ্রিয় ও হৃদয়গ্রাহী হয়ে এই গানগুলো মানুষের মনে জীবন্ত থাকবে যুগের পর যুগ।