তাদের টার্গেটটা মিস হয়ে গেছে: আসিফ আকবর

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পিএম

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। তবে অক্ষত রয়েছেন এই গায়ক। কারা এবং কী উদ্দেশ্যে গুলি চালিয়েছে, তা বুঝতে না পারলেও আসিফের ধারণা, তাঁকেই লক্ষ্যবস্তু করা হয়েছিল।

দুর্বৃত্তদের চেষ্টা সফল হয়নি উল্লেখ করে আসিফ আকবর বলেছেন, ‘তাদের টার্গেটটা মিস হয়ে গেছে।’

শনিবার ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার সময় গাড়িতে ছিলেন না তিনি। সকালে পুলিশের সঙ্গে প্রয়োজনীয় কাজ শেষে বাসায় ফিরে বিশ্রামের জন্য ঘুমিয়ে পড়েন এই সংগীতশিল্পী।

ঘুম থেকে উঠে শনিবার বিকেলে দেশের একটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমকে আসিফ আকবর বলেন, ‘আমি একদম সুস্থ আছি, ঠিক আছি। চিন্তার কোনো কারণ নেই। সকালবেলা পুলিশের সঙ্গে যাবতীয় কাজ শেষে বাসায় এসে মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাসায় এসেছিলেন, তারা কথা বলেছেন এবং বিষয়টির তদন্ত করছেন।’

ঘটনার সময় কোথায় ছিলেন, জানতে চাইলে আসিফ আকবর বলেন, ‘যখন ঘটনাটা ঘটে, আমি অফিসে ছিলাম। তখন সিসিটিভিতে দেখছিলাম, শুধু গুলির শব্দটা পাইনি। ঘড়িতে তখন ভোর ৪টা ৫২ কিংবা ৫৪ মিনিট হবে। সেসময় আমার গাড়িতে কেউই ছিল না।’

কাউকে সন্দেহ করছেন কি না, এমন প্রশ্নে এই গায়ক বলেন, ‘আমি তো কাউকে সন্দেহ করতে পারছি না। বলতে পারছি না কারা এই কাজটা করেছে। যে বা যারা ঘটনাটা ঘটিয়েছে তারা খুব ভালো করেই জানে আমি অফিসে কখন যাই এবং কখন অফিস থেকে বের হই। রাত ৮টা কিংবা সাড়ে ৮টায় আমি অফিসে ঢুকি এবং ফজরের নামাজের আগে কিংবা পরে অফিস থেকে বের হয়ে বাসায় যাই। তারা ওই সময়টাই টার্গেট করেছে কিন্তু তাদের টার্গেটটা মিস হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ পরেই নিচে নামতাম। ছেলের সঙ্গে কথা বলছিলাম বলে অফিসে আরো কিছুক্ষণ ছিলাম। আমি তখন সিসিটিভি ক্যামেরাতে দেখছিলাম, ওই সময় ঠিক আমার মতো একজন হেঁটে যাচ্ছিল, তারা হয়তো আমি ভেবে গুলিটা করে দিয়েছে।’

এদিকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মগবাজারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। বিশাল সেন্টারের সামনে পার্ক করা তাঁর গাড়ি লক্ষ্য করে ভোরে গুলি চালানো হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বিশাল সেন্টার মার্কেটের নিচে পার্কিংয়ের জায়গায় গাড়িটি রাখা ছিল। ভোর পৌনে ৫টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়েন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাতিরঝিল থানা-পুলিশ। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ।

এএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত