জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি

নারীর নেতৃত্ব নিয়ে বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। ‘সচেতন নাগরিক সমাজ’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে রোবাইয়াত ফাতিমা তনি এই চিঠিটি পাঠ করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনটির আহ্বায়ক হিসেবে রয়েছেন নীলা ইসরাফিল এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন রোবাইয়াত ফাতিমা তনি।

সংবাদ সম্মেলনে তনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতারা বিভিন্ন সময় প্রকাশ্যে বলেছেন যে, কোনো নারী দলীয় প্রধান, দেশের রাষ্ট্রপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারবেন না। এটি দলটির একটি ঘোষিত নীতি।

রোবাইয়াত ফাতিমা তনি উল্লেখ করেন, জামায়াতের এমন অবস্থান বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৭ ও ২৮-এর সরাসরি লঙ্ঘন, যেখানে সব নাগরিকের সমান অধিকার এবং লিঙ্গ বৈষম্যহীন সমাজের অঙ্গীকার করা হয়েছে। প্রচলিত আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক দল যদি লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নেয়, তবে সেই দলের নিবন্ধন বাতিলযোগ্য।

সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, নারীর সম্মান ও সাংবিধানিক অধিকার নিয়ে কোনো ধরনের রাজনৈতিক আপস করা যাবে না। তাদের প্রধান দাবিগুলো হলো— জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা, ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ এবং নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে।