ফ্রান্সের দক্ষিণ উপকূলে নীল জলরাশির কোল ঘেঁষে আবারও শুরু হলো বিশ্ব চলচ্চিত্রের মহোৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’। মঙ্গলবার (১২ মে) জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের ৭৯তম আসরের পর্দা উন্মোচিত হয়েছে। আগামী ২৩ মে পর্যন্ত ১২ দিনব্যাপী এই আয়োজনে মেতে থাকবে বিশ্ব চলচ্চিত্রের রথী-মহারথীরা।
উৎসবের প্রথম রজনীতেই ছিল বড় চমক। ‘লর্ড অব দ্য রিংস’ খ্যাত বিশ্ববরেণ্য পরিচালক পিটার জ্যাকসনকে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ‘সম্মানসূচক পাম দ’র’ প্রদান করা হয়। উদ্বোধনী মঞ্চে এই পুরস্কার গ্রহণের সময় উপস্থিত দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। প্রথম দিনেই প্রিমিয়ার হয়েছে ফ্রেঞ্চ পিরিয়ড-কমেডি ঘরানার সিনেমা ‘দ্য ইলেকট্রিক কিস’।
বিগত আসরগুলোতে হলিউড স্টুডিওগুলোর দাপট থাকলেও এবার তারা কিছুটা দূরত্ব বজায় রাখছে। ফ্রান্সে তারকাদের নিয়ে আসার বিশাল খরচ এবং সমালোচকদের নেতিবাচক প্রতিক্রিয়ার ভয়ের কারণেই বড় স্টুডিওগুলো এবার কিছুটা সংযত বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে হলিউডের সেই অভাব মেটাতে থাকছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির বিশেষ বার্ষিকী উদযাপন।
এবারের আসরে মূল প্রতিযোগিতায় লড়ছে ২২টি সিনেমা। এই সিনেমাগুলোর ভাগ্য নির্ধারণ করবেন ৯ সদস্যের একটি শক্তিশালী জুরি বোর্ড। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত নির্মাতা পার্ক চ্যান-উক এই বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। প্যানেলে তার সঙ্গে রয়েছেন হলিউড তারকা ডেমি মুর, অস্কারজয়ী পরিচালক ক্লোয়ি ঝাও এবং স্টেলান স্কারসগার্ডের মতো ব্যক্তিত্বরা।
এবারের কান উৎসবে দ্যুতি ছড়াতে লাল গালিচায় হাজির থাকছেন বারবারা স্ট্রাইস্যান্ড, ক্রিস্টেন স্টুয়ার্ট, অ্যাডাম ড্রাইভার, কেট ব্ল্যানচেট এবং সেবাস্টিয়ান স্ট্যানের মতো দাপুটে তারকারা। সিনেমার পাশাপাশি এবার আলোচনার কেন্দ্রে রয়েছে জনপ্রিয় এইচবিও সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’। জানা গেছে, সিরিজটির চতুর্থ সিজনের শুটিং চলছে এই ফ্রেঞ্চ রিভিয়েরা ঘিরেই।
২৩ মে জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে এবারের আসরের সেরা চলচ্চিত্র তথা ‘পাম দ’র’ বিজয়ীর নাম।