ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে। রোববার (১৭ মে) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ এসে পৌঁছালে পরিবারের সদস্যরা তা গ্রহণ করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে কারিনার মরদেহ প্রথমে বনানীর বাসভবনে নিয়ে যাওয়া হবে। এরপর বাদ মাগরিব বনানী ডিওএইচএস মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। রাত ৮টায় বনানীর দরবার শরীফ মসজিদে দ্বিতীয় জানাজা এবং রাত ১০টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে রাতেই কারিনার মরদেহ তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
কারিনা কায়সার দীর্ঘদিন ধরে লিভারের জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দিবাগত রাতে তিনি মৃত্যুবরণ করেন।