উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে। সোমবার (১১ মে) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ জেট এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়। কারিনার বাবা, প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১২ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে কায়সার হামিদ জানান, কারিনার সঙ্গে সফরসঙ্গী হিসেবে তার মা লোপা কায়সার গিয়েছেন। তবে সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, কারিনাকে লিভার দেওয়ার জন্য (লিভার ডোনার হিসেবে) সঙ্গে গিয়েছেন তার দুই ভাই-মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষার পর যে কারো লিভার কারিনার শরীরে প্রতিস্থাপন করা হতে পারে।
পোস্টে মেয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ লেখেন, ‘দোয়া করবেন সবাই, গত রাতে উন্নত চিকিৎসার জন্য আমার মেয়ে কারিনাকে দেশের বাইরে নেওয়া হয়েছে।’
বর্তমানে কায়সার হামিদ দেশেই অবস্থান করছেন। এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, মেয়ের এই ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করতে তাকে হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, ‘হাসপাতালের বিশাল বিল এবং এয়ার অ্যাম্বুলেন্সের খরচ মেটাতে আমার এবং আমার মায়ের ফিক্সড ডিপোজিট ভাঙতে হচ্ছে। এমনকি একটি জমি বিক্রির বায়নাও করেছি। এই কাজগুলো শেষ করেই আমি পরিবারের কাছে পৌঁছাব।’
এর আগে সোমবার দুপুরে কারিনার ভারতের ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। সেদিন বিকালেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা পৌঁছায় এবং রাত ১১টায় কারিনাকে নিয়ে উড়াল দেয়। ভক্ত ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করছেন।
কারিনা কায়সারকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে