দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয় ও তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গমের দাম্পত্য জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিবাহবিচ্ছেদ সংক্রান্ত বিষয় আদালতে গড়ালেও, বিভিন্ন সূত্রের দাবি দু’জনের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে এবং সম্পর্কের টানাপোড়েন মিটিয়ে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দাম্পত্য সংকট সৌহার্দ্যপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে আলোচনা অব্যাহত রয়েছে। যদিও এ বিষয়ে বিজয় বা সংগীতা কেউই আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি, তবুও সাম্প্রতিক সময়ে সম্ভাব্য সমঝোতা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
এদিকে, কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বিজয়ের মা শোভা চন্দ্রশেখর মধ্যস্থতার দায়িত্ব পালন করছেন। পারিবারিক মতপার্থক্য দূর করতে তিনি উভয় পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও উল্লেখ করা হয়েছে।
সংগীতা এতদিন ছেলে জেসন সঞ্জয় ও মেয়ে দিব্য সাশাকে নিয়ে লন্ডনে অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি চেন্নাইয়ে ফিরেছেন। একাধিক সূত্রের ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে তাদের সম্পর্ক কোন দিকে এগোবে, তা নিয়ে আলোচনা এবং পরিস্থিতি পুনর্মূল্যায়নের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ১৯৯৬ সালে চেন্নাইয়ে একটি শুটিংয়ের সময় বিজয় ও সংগীতার পরিচয় হয়। বিজয়ের ভক্ত হিসেবে যুক্তরাজ্য থেকে ভারতে এসেছিলেন সংগীতা। সেই পরিচয় থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।
১৯৯৯ সালের ২৫ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় ও সংগীতা। ২০০৫ সালে তাদের ঘরে জন্ম নেয় ছেলে জেসন সঞ্জয়। পরে জন্ম হয় কন্যা দিব্য সাশার। দীর্ঘ ২৩ বছরের দাম্পত্য জীবনের পর তাদের সম্পর্ক ভাঙনের মুখে পড়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। চেন্নাইয়ের একটি পারিবারিক আদালতে দায়ের করা মামলার গুরুত্বপূর্ণ শুনানি সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে তাদের ভাঙা সংসার জোড়া লাগার সম্ভাবনা নিয়ে নতুন করে জোর গুঞ্জন শুরু হয়েছে।