বেনজীর আহমেদের গ্রেপ্তারে পরীমনি'র 'মজা'

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৮:৫৩ পিএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ গ্রেপ্তার হওয়ার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি।

রোববার (১৪ জুন) বেনজীর আহমেদের গ্রেপ্তারসংক্রান্ত একটি ফটোকার্ড নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন পরীমনি। পোস্টটির ক্যাপশনে তিনি শুধু লেখেন, ‘মজা’। সঙ্গে যুক্ত করেন একটি হাস্যোজ্জ্বল ইমোজি। পরীমনির এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই পোস্টটির সঙ্গে কয়েক বছর আগে আলোচিত ঢাকা বোট ক্লাবকাণ্ডের যোগসূত্র খুঁজতে শুরু করেন।

বোট ক্লাবে হেনস্তার অভিযোগ এনে তখন আলোড়ন তোলেন পরীমনি। ওই ঘটনার পর দায়ের হওয়া মামলা, তদন্ত এবং পরবর্তী নানা ঘটনাপ্রবাহ নিয়ে দীর্ঘ সময় জনমনে আলোচনা ছিল। সেই কারণেই বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবরের পর অভিনেত্রীর এই প্রতিক্রিয়া নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছে।

তবে পরীমনি তার পোস্টে কোনো ব্যাখ্যা দেননি। বেনজীর আহমেদের গ্রেপ্তার কিংবা অতীতের কোনো ঘটনার প্রতি ইঙ্গিত করেই তিনি মন্তব্যটি করেছেন কি না, সে বিষয়েও কিছু জানাননি।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

AS
আরও পড়ুন