গ্যালারিতে বসে আর্জেন্টিনার জয় উদযাপন করলেন নাদিয়া-নাঈম

চলতি ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দারুণ জয় দিয়ে যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। প্রিয় দলের এমন দাপুটে পারফরম্যান্স ও জয় সরাসরি গ্যালারিতে বসেই উপভোগ করেছেন দেশের জনপ্রিয় তারকা দম্পতি নাদিয়া আহমেদ ও এফ এস নাঈম।

ঐতিহাসিক এই মুহূর্তের স্মৃতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেছেন নাদিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবি ও ভিডিওগুলোতে ফুটে উঠেছে বিশ্বকাপের উন্মাদনা এবং প্রিয় দলের জয় উদযাপনের আনন্দঘন মুহূর্ত।

ছবিগুলোর ক্যাপশনে উচ্ছ্বাস প্রকাশ করে নাদিয়া লিখেছেন, ‘ইয়েসসসসস, আমরা এখানে আছি, আর্জেন্টিনা। আর্জেন্টিনা ২-০ আলজেরিয়া। লিওনেল মেসি।’

শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার কট্টর সমর্থক নাদিয়া গায়ে জড়িয়েছেন দলের আকাশি-সাদা জার্সি। অন্যদিকে, নাঈম আর্জেন্টিনার জার্সি না পরলেও স্ত্রীর প্রিয় দলের প্রতি সমর্থন জানিয়ে আকাশি রঙের টি-শার্ট পরেছেন।

গ্যালারিতে বসে আর্জেন্টিনার প্রতিটি মুহূর্ত উপভোগ করতে দেখা গেছে এই তারকা দম্পতিকে। মাঠের উন্মাদনার পাশাপাশি তাদের প্রাণবন্ত উদযাপন ভক্তদের মধ্যেও দারুণ সাড়া ফেলেছে।

বিশ্বকাপের আবহে আর্জেন্টিনার জয় আর নাদিয়া-নাঈমের এমন সরব উপস্থিতি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকেই তাদের ফুটবলপ্রেম ও প্রিয় দলের প্রতি আবেগের প্রশংসা করছেন।