দীর্ঘ দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্দায় ফিরল ‘হাউস অব দ্য ড্রাগন’। গতকাল রোববার (২১ জুন) মার্কিন সম্প্রচার মাধ্যম এইচবিও এবং ওটিটি প্ল্যাটফর্ম ‘ম্যাক্স’-এ প্রিমিয়ার হয়েছে বহুল প্রতীক্ষিত সিরিজের তৃতীয় সিজন। টারগেরিয়ান বংশের রক্তক্ষয়ী গৃহযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত এই সিরিজ।
বিখ্যাত লেখক জর্জ আর. আর. মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি মূলত ‘গেম অব থ্রোনস’-এর পটভূমির প্রায় ২০০ বছর আগের গল্প। টারগেরিয়ান পরিবারের ভেতরের জটিল সমীকরণ, রাজনৈতিক কূটচাল আর ড্রাগনদের লড়াইয়ের কারণে শুরু থেকেই বিশ্বজুড়ে দর্শক-সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সিরিজটি।
গত রোববার মার্কিন সময় রাত ৯টায় প্রিমিয়ার হওয়া সিজনের প্রথম পর্বটি ছিল প্রায় ৭২ মিনিটের। যা সিরিজের ইতিহাসে দীর্ঘতম পর্ব। তৃতীয় সিজনে দর্শকরা উপভোগ করবেন মোট ৮টি পর্ব। প্রতি রোববার একটি করে নতুন পর্ব প্রকাশ পাবে। আগামী ৯ আগস্ট মুক্তি পাবে সিরিজের শেষ পর্ব।
প্রথম দুই সিজনে মূলত টারগেরিয়ান পরিবারের দুই পক্ষের (ব্ল্যাক ও গ্রিন) মধ্যে উত্তেজনা তৈরি ও বিভিন্ন রাজ্যের সঙ্গে জোট গঠনের ওপর জোর দেওয়া হয়েছিল। তবে তৃতীয় সিজনে সরাসরি ড্রাগনদের বিধ্বংসী যুদ্ধের কাহিনিগুলো দেখানো হবে।
নতুন সিজনে অভিনয় করেছেন এমা ডি’আর্সি (রেনেইরা টারগেরিয়ান), ম্যাট স্মিথ (ডেমন টারগেরিয়ান), অলিভিয়া কুক (অ্যালিসেন্ট হাইটাওয়ার), ইওয়ান মিচেল ও টম গ্লিন-কার্নি। তাঁদের পাশাপাশি এবার নতুন কিছু চেনা মুখও যুক্ত হয়েছেন; যাদের মধ্যে আছেন টমি ফ্ল্যানাগান, ড্যান ফগলার এবং জেমস নর্টন।
সিরিজটি ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ উপন্যাস অবলম্বনে নির্মিত হলেও চিত্রনাট্যে বেশ কিছু জায়গায় পরিবর্তন এনেছেন নির্মাতারা। ফলে যারা বইটি পড়েছেন তাঁদের জন্য পর্দায় নতুন চমক অপেক্ষা করছে বলে জানিয়েছেন নির্মাতারা।