যুক্তরাষ্ট্রে চলমান ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপীয় শক্তিশালী দল নরওয়ে। বাংলাদেশ সময় রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই নকআউট লড়াই। বিশ্বজুড়ে উত্তেজনার এই ম্যাচে পিছিয়ে নেই বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকারাও।
ম্যাচ শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি এবং সংগীতশিল্পী পড়শী। তবে প্রিয় দল ব্রাজিলকে ঘিরে দুই তারকার আবেগে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র।
ব্রাজিল জার্সি পরা একটি ছবি পোস্ট করে দারুণ আত্মবিশ্বাসী ভঙ্গিতে হিমি লিখেছেন, “ম্যাচের টেনশন? সেটা তো নরওয়ে করবে। আমি তো চিল করছি!” তার এই পোস্টে ভক্তদের মধ্যেও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, বড় ম্যাচে এমনই নির্ভার থাকেন ব্রাজিল সমর্থকরা, আবার অনেকে নরওয়ের তারকা আর্লিং হালান্ডের কথা তুলে ধরে ম্যাচ নিয়ে শঙ্কার কথাও বলেছেন।
অন্যদিকে কিছুটা ভিন্ন মেজাজে দেখা গেছে সংগীতশিল্পী পড়শীকে। ব্রাজিলের জার্সি পরে ফুটবল হাতে একটি ছবি পোস্ট করে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, “জিতবো আজ?”-তার এই এক লাইনের পোস্টই ভক্তদের মধ্যে তৈরি করেছে দ্বিধা ও আলোচনার ঝড়।
পড়শীর পোস্টের নিচে অনেকে আশাবাদী মন্তব্য করেছেন, আবার কেউ কেউ রসিকতা করে লিখেছেন, আজ কঠিন পরীক্ষা দিতে হতে পারে ব্রাজিলকে।
উল্লেখ্য, এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে খেলবে ইংল্যান্ড বা মেক্সিকোর বিপক্ষে। তাই শুধু ফুটবলপ্রেমীরাই নয়, বাংলাদেশসহ বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের চোখ থাকবে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচের দিকে।