‘নিজেদের কি ঈশ্বর ভাবছেন?’— দিল্লি পুলিশ ও নেতাদের অরিজিৎ সিং

দিল্লির বুকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোঁড়ার ঘটনায় মারাত্মক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্ষোভ উগড়ে দিয়ে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন দেশের রাজনৈতিক নেতা ও প্রশাসনের নৈতিকতা নিয়ে।

সোমবার ২০ জুলাই শিক্ষার্থীদের ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশ চড়াও হলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

এই সহিংসতার পরপরই এক্সে দেওয়া এক পোস্টে অরিজিৎ লেখেন, "এখন আপনারা শিক্ষার্থীদেরও পেটাচ্ছেন? আপনাদের কি সামান্যতম লজ্জাও নেই?"

নেতানেত্রীদের জবাবদিহিতার মুখোমুখি করে এই শিল্পী অপর এক পোস্টে বলেন, "হ্যালো নেতা-মন্ত্রীরা, কী হচ্ছে এসব? নিজেদের কি ঈশ্বর মনে করা শুরু করেছেন?"

একই সাথে পরিবর্তনই যে চিরন্তন সত্য, তা মনে করিয়ে দিয়ে প্রশাসনকে হিসাব চুকানোর কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

ভারতে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বা ‘নিট’ (NEET)-এর প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার মারাত্মক অনিয়মের প্রতিবাদে দুই সপ্তাহের বেশি সময় ধরে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন।

শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির সাথে সংহতি জানিয়ে অনশনে বসা প্রখ্যাত সমাজকর্মী সোনম ওয়াংচুককে বলপ্রয়োগ করে তুলে নিয়ে যায় পুলিশ।

শিক্ষার্থীদের ওপর এমন অমানবিক হামলার বিরুদ্ধে অরিজিৎ সিং ছাড়াও সরব হয়েছেন বলিউডের একাধিক শীর্ষ তারকা।

হৃতিক রোশন, নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, প্রকাশ রাজ, দিলজিৎ দোসাঞ্জ, বীর দাস, দিয়া মির্জা ও সোনাক্ষী সিনহার মতো তারকারা প্রকাশ্যে আন্দোলনের সমর্থন জানিয়েছেন।

সাধারণত সামাজিক বা রাজনৈতিক বিষয়ে অরিজিৎ সিংকে খুব একটা মন্তব্য করতে দেখা যায় না। তবে তরুণ প্রজন্মের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে তাঁর এই অনমনীয় ও প্রতিবাদী রূপ ইতিমধ্যেই নেটদুনিয়ায় ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ