ঢাকায় আতিফের কনসার্ট নিয়ে মুহিন খানের ক্ষোভ

কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে রাজধানীতে পৌঁছান তিনি। দীর্ঘ বিরতির পর বাংলাদেশে প্রিয় এই গায়ককে পেয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও তার সফর ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী মুহিন খান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে কনসার্টের আয়োজকদের সমালোচনা করেন মুহিন। তিনি দাবি করেন, দেশীয় শিল্পীদের প্রাধান্য না দিয়ে বারবার বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজন করা হচ্ছে।

পোস্টে মুহিন লেখেন, ‘কনসার্ট সোসাইটি ফর বাংলাদেশ’ নাম ব্যবহার করলেও আয়োজকদের দেশের সংস্কৃতি ও শিল্পীদের নিয়ে যথেষ্ট ভাবনা নেই। একই সঙ্গে তিনি দেশীয় শিল্পীদের সুযোগ দেওয়ার আহ্বান জানান।

আতিফ আসলামের সঙ্গে থাকা এক ব্যক্তিকে নিয়েও মন্তব্য করেন মুহিন। তিনি অভিযোগ করেন, দেশের শিল্পীদের স্বার্থ রক্ষার আন্দোলনে তাদের দেখা যায়নি। পাশাপাশি দেশের সংস্কৃতি ও শিল্পীদের সংকটের বিষয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

দেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে মুহিন বলেন, দেশের সংকটের সময়েও কিছু মানুষ এসব বিষয় নিয়ে উদাসীন। তিনি আগে দেশের সংস্কার ও নিজেদের সংস্কৃতির উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

পোস্টের শেষদিকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন এবং ‘সবার আগে বাংলাদেশ’ হ্যাশট্যাগ ব্যবহার করেন।

মুহিন খানের এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। এক পক্ষ দেশীয় শিল্পীদের সুযোগ ও অগ্রাধিকার দেওয়ার দাবির সঙ্গে একমত হয়েছে। অন্যদিকে অনেকের মতে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজন দেশের সংগীতাঙ্গন ও দর্শকদের জন্য ইতিবাচক দিক।