প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে নেহা কক্কর

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০১:৩৯ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন আরও জোরালো হয়ে উঠেছে। রাজধানীর গণ্ডি পেরিয়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন প্রান্তে। আন্দোলন দমনে পুলিশের পদক্ষেপ নিয়ে উত্তেজনা বাড়ার মধ্যেই প্রতিবাদী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সমর্থনের কথা জানিয়ে নেহা ‘জাস্টিস ফর স্টুডেন্টস’ লেখা একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া প্রতিটি শিক্ষার্থীর পাশে তিনি আছেন। শিক্ষার্থীদের শক্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের স্বপ্নের গুরুত্ব অনেক এবং তিনি তাদের জন্য প্রার্থনা করছেন।

পোস্টটি প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনেক ভক্ত ও সাধারণ ব্যবহারকারী সংকটের সময়ে শিক্ষার্থীদের সমর্থনে এগিয়ে আসার জন্য নেহাকে প্রশংসা করেন। তবে কেউ কেউ তার এই অবস্থানের সমালোচনাও করেছেন। কয়েকজন মন্তব্য করেন, শুধু অনলাইনে সমর্থন না জানিয়ে সরাসরি আন্দোলনে যুক্ত হওয়া উচিত।

দিল্লিতে চলমান ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর এই আন্দোলনের প্রতি এরই মধ্যে বেশ কয়েকজন ভারতীয় তারকা সংহতি জানিয়েছেন। সালমান খান, অরিজিৎ সিং, ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখের পর এবার সেই তালিকায় যুক্ত হলেন নেহা কক্কর।

AM/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত