রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) ভোরে নিজ কক্ষ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, ভোর আনুমানিক ৬টার দিকে রিধিকাকে তার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে রিধিকার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।
ওসি মাজহারুল ইসলাম বলেন, রিধিকার মা ও পরিবারের সদস্যরা বর্তমানে থানায় রয়েছেন। পরিবারের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এক ব্যক্তির সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার আগে ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কল চলাকালীনই রিধিকা আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, রিধিকার মৃত্যুর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। পাশাপাশি তার সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক, ঘটনার আগে তাদের মধ্যে কী নিয়ে বিরোধ হয়েছিল এবং মৃত্যুর ঠিক আগের পরিস্থিতি কী ছিল এসব বিষয়ও তদন্তের আওতায় রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ছিলেন রিধিকা রিধি। কাজের বিভিন্ন খবর, ছবি ও ব্যক্তিগত মুহূর্তের নানা আপডেট নিয়মিত ফেসবুকে প্রকাশ করতেন তিনি। তবে গত ৩০ জুলাইয়ের পর তার ফেসবুক অ্যাকাউন্টে নতুন কোনো পোস্ট দেখা যায়নি।
মডেলিংয়ের মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন রিধিকা রিধি। পরে নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।