বলিউড বাদশা শাহরুখ খান, নন্দিত অভিনেতা অজয় দেবগন ও এই সময়ের সুপারস্টার টাইগার শ্রফ। নিষিদ্ধ পান মসলার পরোক্ষ বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে এই তিন তারকাকে আইনি নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্রের খাদ্য সুরক্ষাবিষয়ক সংস্থা।
‘বিমল এলাচি’র বিজ্ঞাপনের আড়ালে মূলত নিষিদ্ধ তামাক ও পান মসলার প্রচার করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ কারণেই মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) তাদের কাছে এই শোকজ নোটিশ জারি করেছে।
সম্প্রতি প্রশাসন মহারাষ্ট্র জুড়ে তামাক ও নিকোটিনযুক্ত গুটখা-পান মসলার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় এবার শীর্ষ তারকাদের জবাবদিহির আওতায় আনা হলো।
প্রাপ্ত তথ্যমতে, অভিনেতাদের আলাদা আলাদা ঠিকানায় সরাসরি নোটিশ পৌঁছানো হয়েছে। অজয় দেবগনকে তার জুহুর বাসভবনে এবং শাহরুখ খানকে বান্দ্রার ‘মান্নাত’-এ এ কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।
অন্যদিকে টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠিয়েছে এফডিএ। আগামী নির্দিষ্ট সময়ের মধ্যে এই বিজ্ঞাপনে সম্পৃক্ততার সপক্ষে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাদের।
ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস-এর রিপোর্ট অনুযায়ী, এফডিএ-র নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘বিজ্ঞাপনটি পর্যালোচনায় স্পষ্ট যে, এখানে মূলত ‘বিমল’ ব্র্যান্ডেরই প্রমোট করা হচ্ছে, যা ভারতের বাজারে মূলত পান মসলা তৈরির জন্য কুখ্যাত। উল্লেখ্য, ফুড সেফটি আইনের অধীনে মহারাষ্ট্র সরকার গত ১৩ জুলাই থেকে এক বছরের জন্য রাজ্য জুড়ে পান মসলা উৎপাদন, মজুদ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। ফলে এলাচির আড়ালে এই ব্র্যান্ডের প্রচারণা পরোক্ষভাবে নিষিদ্ধ পান মসলাকেই উৎসাহিত করছে।’
ভারতের খাদ্য নিরাপত্তা ও মানদণ্ড আইন ২০০৬-এর ২৪ নাম্বার ধারা অনুযায়ী খাদ্য পণ্যের বিভ্রান্তিকর বা প্রতারণামূলক প্রচার চালানো সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া আইনের ৫৩ নাম্বার ধারা অনুযায়ী, এ ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপনে যুক্ত থাকার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের সর্বোচ্চ ১০ লাখ রুপি পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।