নেপালে বেড়াতে গিয়ে বন্যা ও পাহাড়ধসে আটকা পড়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান। ঘান্দ্রুক থেকে ফেরার পথে সড়কের একাধিক অংশ ধসে যাওয়ায় দুই দিন ধরে সফরসঙ্গীদের নিয়ে সেখানেই অবস্থান করছেন তিনি। বিকল্প পথ খোঁজা হলেও প্রতিকূল পরিস্থিতিতে নিরাপদে দেশে ফেরা নিয়ে উদ্বেগে রয়েছেন এই শিল্পী।
২০ আগস্ট অবসর কাটাতে নেপালে যান তাসরিফ খান। মঙ্গলবার তিনি ও তার সফরসঙ্গীরা গণ্ডকী প্রদেশের কাস্কি জেলার ঘান্দ্রুক গ্রামে পৌঁছান। পরদিন সেখান থেকে ফেরার কথা থাকলেও মোদি খোলার বন্যা ও পাহাড়ধসে বিরেঠাঁটি-ঘান্দ্রুক সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়।
তাসরিফ জানান, ঘান্দ্রুক অন্নপূর্ণ অঞ্চলের প্রায় দুই হাজার মিটার উচ্চতায় অবস্থিত একটি পর্যটন এলাকা। সেখানে তারা বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা দেখেননি। তবে বন্যা ও ভূমিধসের কারণে ফেরার পথে একাধিক স্থানে সড়ক ধসে গেছে। কোথাও কোথাও সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রশাসন ওই পথে চলাচল বন্ধ রেখেছে।
তিনি বলেন, বুধবারই ঘান্দ্রুক থেকে বের হওয়ার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু কিছুটা দেরি হওয়ায় গাইড ওই দিন আর যাত্রা না করার পরামর্শ দেন। পরে তারা জানতে পারেন, যে সড়ক দিয়ে ফেরার কথা ছিল, সেটির বেশ কিছু অংশ ধসে পড়েছে।
তাসরিফ বলেন, আমরা যে রাস্তা দিয়ে ফিরব, সেটি পুরো ধসে গেছে। সময়মতো বের হলে হয়তো আমরাও বিপদের মধ্যে পড়তাম। দেরি হওয়াটাই আমাদের রক্ষা করেছে।
বর্তমানে তাসরিফ ও তার সফরসঙ্গীদের নিরাপদে বের করে আনার জন্য বিকল্প পথ খুঁজছেন তাদের গাইড। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। গাইড ফিরে আসার পর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তাসরিফ। প্রয়োজনে আরও দুই থেকে তিন দিন ঘান্দ্রুকেই থাকতে হতে পারে বলেও জানান তিনি।
তবে শুধু দেশে ফেরার পথ নিয়েই নয়, সেখানে অর্থসংকট নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন এই শিল্পী। তার কাছে অল্প কিছু নেপালি রুপি ও প্রায় ১০০ মার্কিন ডলার রয়েছে। কার্ড বা ডিজিটাল মাধ্যমে লেনদেনের সুযোগ সীমিত হওয়ায় হাতে থাকা নগদ অর্থও দ্রুত ফুরিয়ে আসছে। এর মধ্যে নতুন করে দেশে ফেরার টিকিট পাওয়াও কঠিন হয়ে পড়েছে।
সড়কপথে ফেরার সুযোগ না থাকলে নদীর পাশ দিয়ে পাহাড়ি পথে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা হেঁটে যাওয়ার একটি বিকল্প রয়েছে। তবে বন্যা ও ভূমিধসের মধ্যে এমন পথ পাড়ি দেওয়াকেও ঝুঁকিপূর্ণ মনে করছেন তাসরিফ। পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত কোনো ধরনের ঝুঁকি নিতে চান না তিনি।
টানা কাজের পর কয়েক দিনের অবসর কাটাতেই নেপালে গিয়েছিলেন তাসরিফ। সম্প্রতি তার রোমান্টিক ঘরানার গান ‘বৃষ্টি’ প্রকাশ পেয়েছে। দেশে ফিরে রক ঘরানার নতুন গান ‘জীবনের চাকা’র মিউজিক ভিডিও ধারণের পরিকল্পনাও ছিল তার। গানটিতে জীবন, প্রেম ও রাজনৈতিক অস্থিরতার বিভিন্ন দিক তুলে ধরার কথা রয়েছে। তবে নেপালে আটকা পড়ার পর আপাতত এসব পরিকল্পনা নিয়ে ভাবছেন না তাসরিফ। এখন তার একমাত্র লক্ষ্য নিরাপদে দেশে ফেরা।
তাসরিফ বলেন, শুধু নিরাপদে দেশে ফিরতে চাই। সবার কাছে দোয়া চাই, আমরা যেন সুস্থভাবে প্রিয়জনদের কাছে ফিরতে পারি।