নবাব সাজে পর্দায় আসছেন সঙ্গীতশিল্পী!

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

পাঁচ দশকেরও বেশি সময় ধরে গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন ফেরদৌস ওয়াহিদ। বাংলা পপ গানে নিজের আলাদা অবস্থান তৈরি করা এই সংগীতশিল্পীকে এবার দেখা গেল একেবারেই ভিন্ন রূপে। গানের মঞ্চের পরিচিত সেই মানুষটি হঠাৎ সেজেছেন নবাব! পরনে রাজকীয় পোশাক, মাথায় মুকুট প্রথম দেখায় তাকে চিনে নেওয়াই যেন কঠিন।

ফেরদৌস ওয়াহিদের এই রাজকীয় সাজ একটি বিশেষ অনুষ্ঠানের অংশ। চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত হচ্ছে ‘চেনা মুখ, দুখ সুখ’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। আর সেই পর্বেই এবার ভিন্ন এক আয়োজনে অংশ নিয়েছেন সংগীতশিল্পীরা। বিশেষ এই পর্বটি সাজানো হয়েছে যাত্রাপালার আদলে। সেখানে বিভিন্ন সংগীতশিল্পী অভিনয় করেছেন নানা চরিত্রে। আর ফেরদৌস ওয়াহিদকে দেখা যাবে নবাবের চরিত্রে।

নিজের এমন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘অনুষ্ঠানটির ভাবনা একেবারে ভিন্ন। যাত্রাপালা হলেও এখানকার বেশিরভাগই গানের শিল্পী। ফলে একেবারে নতুন এক অভিজ্ঞতা হলো। আশা করছি, দর্শকেরও ভালো লাগবে।’

শুধু ফেরদৌস ওয়াহিদ নন, এই আয়োজনের জন্য আরও কয়েকজন সংগীতশিল্পীও এবার অভিনয়ের জগতে পা রেখেছেন। যাত্রাপালায় লর্ড ক্লাইভের চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী সৈয়দ রেজা আলী। এছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে- পথিক নবী, নীলু বিল্লাহ, হুমায়রা বশীর, পুনম প্রিয়া, পলাশসহ আরও কয়েকজন সংগীতশিল্পীকে।

জানা গেছে, বিশেষ এই পর্বটি ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় চ্যানেল আইয়ে প্রচারিত হবে। ‘চেনা মুখ, দুখ সুখ’ অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরেই দর্শকের কাছে পরিচিত। অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছেন ফেরদৌস ওয়াহিদ। এতে বিভিন্ন অঙ্গনের তারকারা অতিথি হয়ে নিজেদের জীবন ও ক্যারিয়ারের নানা গল্প শোনান।

জেএম
আরও পড়ুন