বলিউড অভিনেতা হৃতিক রোশনের বড় ছেলে হৃহান রোশন এবার নিজের প্রতিভার নতুন দিক তুলে ধরলেন। ২০ বছর বয়সী হৃহান আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে যাত্রা শুরু করেছেন। নিজের গাওয়া ও গিটারে বাজানো প্রথম একক গান ‘দ্য হেভেনলি প্লেস’ প্রকাশ করেছেন ইউটিউব, স্পটিফাই ও ইনস্টাগ্রামে।
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গিটারও বাজিয়েছেন হৃহান। সংগীতজগতে তাঁর এই নতুন পথচলায় উচ্ছ্বাস প্রকাশ করেছে পুরো রোশন পরিবার।
ছেলের প্রথম গান ইনস্টাগ্রামে শেয়ার করে হৃতিক রোশন লিখেছেন, ‘তুমি সহজাত প্রজ্ঞা নিয়ে জন্মেছ, যা আমাকে নির্ভীক করে তোলে।’ ছেলের এই নতুন যাত্রায় গর্ব প্রকাশ করেছেন হৃহানের মা সুজান খান এবং দাদা ও প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশনও। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা হৃহানকে শুভকামনা জানিয়েছেন।
পরিবারের পাশাপাশি হৃতিকের সঙ্গী সাবা আজাদ এবং সুজানের সঙ্গী আরসালান গোনিও হৃহানের গানটির প্রশংসা করেছেন। হৃতিকের বোন সুনয়না রোশনও ভাতিজার কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন। এক বার্তায় তিনি লিখেছেন, ‘তোমার গানটি অসাধারণের চেয়েও বেশি কিছু, তোমার কণ্ঠই অনেক কিছু বলে দেয়।’
রোশন পরিবারের সঙ্গে সংগীতের সম্পর্ক অবশ্য বহু পুরোনো। হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত সংগীত পরিচালক রাজেশ রোশনের হাত ধরে এই পরিবারের সংগীত ঐতিহ্য আরও শক্তিশালী হয়েছে। সেই পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় এবার সংগীতজগতে নিজের পরিচয় তৈরি করতে যাত্রা শুরু করলেন হৃহান রোশন।