দেশে ফিরে নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১১:০১ এএম

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে বড় ধরনের বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো শুটিং ইউনিট।

যে পাহাড়ি সড়ক দিয়ে পরদিন তাঁদের কাঠমান্ডু ফেরার কথা ছিল, দুর্যোগের কারণে সেটি কয়েক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নেপালে শুটিং স্থগিত করে শুক্রবার (২৮ আগস্ট) নিরাপদে ঢাকায় ফিরেছেন অপু ও তাঁর সহশিল্পীরা।

ঢাকায় ফিরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান অপু বিশ্বাস।

তিনি বলেন, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টা দূরের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ দুর্যোগের ঘটনা ঘটে। অথচ পরদিন ২৭ আগস্ট একই পথ দিয়ে তাঁদের যাওয়ার পরিকল্পনা ছিল।

অপু জানান, মাত্র একদিনের ব্যবধানে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে তাঁদের দল। যে পথ দিয়ে কাঠমান্ডু ফেরার কথা ছিল, দুর্যোগের কারণে সেটি এখন কয়েক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় নেপালে শুটিং চালিয়ে যাওয়াকে উপযুক্ত মনে করেননি অপু। তাঁর ভাষায়, মানুষের এমন দুর্ভোগের মধ্যে গানের দৃশ্য ধারণ করা অমানবিক মনে হতে পারে। তাই পুরো টিমের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সবাই নিরাপদে দেশে ফিরে আসেন।

কিছুদিন ধরে নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং করছিলেন অপু বিশ্বাস ও তাঁর সহশিল্পীরা। সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন কলকাতার অভিনেতা খরাজ মুখার্জি। নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ভক্তরা।

এর আগে কলকাতায় ফিরে খরাজ মুখার্জিও জানিয়েছিলেন, তাঁরা নিরাপদেই ছিলেন। পরে ঢাকায় ফিরে অপু বিশ্বাসও নেপালের ভয়াবহ পরিস্থিতিতে তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

এএম
আরও পড়ুন