পড়াশোনা শেষ করতে না পারার আক্ষেপ কারিনার

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান অভিনয়ে সাফল্যের শিখরে পৌঁছালেও পড়াশোনা শেষ করতে না পারার আক্ষেপ এখনো রয়ে গেছে তার। একাদশ শ্রেণির পর অভিনয়ে পা রাখার কারণে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই আক্ষেপের কথা জানিয়েছেন অভিনেত্রী।

২০২৪ সালে মুক্তি পাওয়া ‘সিংহাম এগেইন’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে কারিনাকে। এরপর থেকে সিনেমায় আগের তুলনায় কিছুটা কম সক্রিয় তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের নানা অভিজ্ঞতা, সিদ্ধান্ত ও আক্ষেপ নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। সেখানেই উঠে আসে তার পড়াশোনা ছেড়ে অভিনয়ে আসার বিষয়টি।

কারিনা জানান, একাদশ শ্রেণির পর অভিনয় জগতে পা রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই সময় অভিনয়কেই বেছে নেওয়া সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছিল। নিজের ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারেও তিনি ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। তবে সময় পেরিয়ে যাওয়ার পর পড়াশোনা শেষ করতে না পারার বিষয়টি তাকে এখনো ভাবায়।

অভিনেত্রী বলেন, তিনি কখনোই মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে চাননি। সবসময়ই লেখাপড়া চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল তার। কিন্তু সেই সময় অভিনয়ের যে সুযোগ সামনে এসেছিল, সেটির কারণে একাদশ শ্রেণির পর আর পড়াশোনা করা সম্ভব হয়নি।

নিজের অভিজ্ঞতা থেকেই দুই ছেলে তৈমুর আলী খান ও জাহাঙ্গীর আলী খানের পড়াশোনার বিষয়ে বেশ সচেতন কারিনা। তিনি চান, ছেলেরা আগে পড়াশোনা শেষ করুক, এরপর নিজেদের পছন্দের পেশা বেছে নিক।

কারিনা বলেন, তিনি ও তার বোন কারিশমা কাপুর দুই বোন হওয়ায় দুই ছেলে বড় করার অভিজ্ঞতা তার কাছে একেবারেই ভিন্ন। ভাইয়ের সঙ্গে বড় না হওয়ায় তৈমুর ও জাহাঙ্গীরকে একসঙ্গে বেড়ে উঠতে দেখা তার জন্য বিশেষ এক অভিজ্ঞতা। প্রতিদিন সন্তানদের কাছ থেকে নতুন কিছু শেখার কথাও জানান তিনি।

তৈমুরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন কারিনা। তার বড় ছেলে আপাতত বলিউডে ক্যারিয়ার গড়ার বিষয়ে আগ্রহী নয়। বরং খেলাধুলার প্রতি তার বেশি ঝোঁক। ক্রিকেটার কিংবা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে তৈমুর। এমনকি আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছাও রয়েছে তার।

তবে ভবিষ্যতে তৈমুরের পছন্দ বদলে যেতে পারে বলে মনে করেন কারিনা। আর সে ক্ষেত্রে তার কোনো আপত্তি নেই। চলচ্চিত্র পরিবারে জন্মেছে বলেই তৈমুরকে অভিনয় পেশায় আসতে হবে-এমন কোনো বাধ্যবাধকতা নেই বলেও জানিয়েছেন তিনি।

২০১২ সালে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন কারিনা কাপুর। তাদের দুই সন্তান তৈমুর আলী খান ও জাহাঙ্গীর আলী খান। ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কারিনার। এরপর ‘জাব উই মেট’, ‘থ্রি ইডিয়টস’, ‘চামেলি’সহ অসংখ্য সফল সিনেমায় অভিনয় করে হিন্দি চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।

সূত্র: এই সময়