ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সারাবছরই শুটিংয়ে ব্যস্ত থাকতেন। ইন্ডাস্ট্রি ও দর্শকের কাছে তার চাহিদাও ছিল বেশ। কিন্তু হঠাৎ সব থেমে গেল। এ বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে জানা গেল, মস্তিষ্কের টিউমারে আক্রান্ত অভিনেত্রী।
ফেব্রুয়ারিতেই একটি অস্ত্রোপচার করে তানিয়ার টিউমার অপসারণ করা হয়। পরবর্তী চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান। সেখানেও একটি অস্ত্রোপচার হয় অভিনেত্রীর। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন তানিয়া। সেই থেকে বিশ্রামে আর চিকিৎসায় রয়েছেন তিনি।
এত মাস পর এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি? কিছুদিন ধরে ফেসবুকে ছবি, পোস্ট দিচ্ছেন অভিনেত্রী। তাই ভক্তরা অনুমান করছেন, অভিনেত্রীর অবস্থা উন্নতির দিকে। তানিয়া নিজেও সে কথাই জানালেন।
অনেক দিন পর শনিবার (৩ অক্টোবর) বিকালে ফেসবুক লাইভে আসেন তানিয়া বৃষ্টি। সেখানে ভক্তদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। নিজের অবস্থা জানিয়ে তানিয়া বলেন, ‘অসুস্থ ছিলাম। এখন অনেকটা ভালো আছি। কেমো থেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হলো, এখন চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস এটা চলার পর কিছু টেস্ট হবে। সেটার পর ডাক্তার জানাবে, পরবর্তী চিকিৎসা কী হবে।’ তানিয়া জানান, বর্তমানে তিনি ঢাকার পার্শ্ববর্তী একটি রিসোর্টে রয়েছেন। সেখানে পরিবার নিয়ে ঘুরতে গেছেন। গ্রামীণ আবহে মনটাকে শান্ত করার জন্য এই সফর।
অভিনয়ে কি ফিরবেন? কবে নাগাদ ফিরবেন? এসব প্রশ্নও এসেছে তানিয়ার কমেন্ট বক্সে। জবাবে তানিয়া বৃষ্টি বলেন, ‘নাটক করতে তো চাই। এ মাস থেকে শুরু করতে চাই। কথাবার্তা চলছে। নয় মাসের মতো শুটিং করিনি। এখন অনেকটা ভালো আছি। তাই আবার কাজে ফেরার চিন্তা করছি।’ শুটিংয়ে ফেরা প্রসঙ্গে ভক্তদের মতামতও চেয়েছেন তানিয়া। তারা যদি বেশি আগ্রহ দেখান, তবে দ্রুত ফিরতে পারবেন তিনি।