রাজধানীর উত্তরা থেকে আলোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সদস্য ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দিবাগত রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ডিবি পুলিশের উত্তরা বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির রাত ২টা ৫৫ মিনিটে এই আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তবে কোন নির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামক একটি গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ।
ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির অভ্যন্তরীণ কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হলে দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
ফাঁস হওয়া চ্যাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে বেশ কিছু নেতিবাচক মন্তব্য করেছিলেন ওই গ্রুপের সদস্যরা।
বিতর্কিত ওই সদস্যদের তালিকায় নাম ছিল অভিনেত্রী ও সাংস্কৃতিককর্মী জ্যোতিকা জ্যোতিরও, যা তার ক্যারিয়ারে বড় ধাক্কা আনে।
এর রেশ ধরে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিজের কর্মস্থলে পৌঁছালে সহকর্মীদের তোপের মুখে পড়েন তিনি।
আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থানের অভিযোগ তুলে শিল্পকলার সহকর্মীরা তাকে অফিস করতে বাধা দেন এবং একপর্যায়ে তিনি অফিস ছাড়তে বাধ্য হন।
পরবর্তীতে একই বছরের ১ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমি আনুষ্ঠানিকভাবে তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাতিল করে।
সর্বশেষ ২০২৬ সালের জুলাই মাসে জুলাই অভ্যুত্থানে সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়।
আলোচিত সেই অভিযুক্তের তালিকার প্রথম সারিতেই নাম ছিল অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির।
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
পূর্ব এশিয়ায় রুশ বোমারু বিমানের মহড়া : যুক্তরাষ্ট্র ও চীনকে কড়া বার্তা মস্কোর