সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের দাম্পত্য সম্পর্কের অবসান ঘটতে চলেছে। দীর্ঘ ১০ বছরের পথচলা শেষে তাঁরা পারস্পরিক সম্মতিতে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলাদা পোস্ট দিয়ে বিচ্ছেদের এই সিদ্ধান্ত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানিয়েছেন এই তারকা জুটি।
সময় ও পরিস্থিতির পরিবর্তনে দুজনের মতপার্থক্য তৈরি হওয়ায় এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন তারা। পরিবারের পূর্ণ সমর্থন ও সম্মতির মাধ্যমেই এই বিচ্ছেদের প্রক্রিয়া চলছে।
২০১৭ সালে প্রীতমের জনপ্রিয় ‘জাদুকর’ গানের শুটিংয়ে তাঁদের পরিচয় ও প্রেম হয়। দীর্ঘ প্রেম পর্ব শেষে ২০২২ সালের ২৯ অক্টোবর তাঁরা আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে সবার কাছ থেকে গোপনীয়তা ও সহমর্মিতা কামনা করেছেন এই জুটি। গণমাধ্যম ও ভক্তদের প্রতি তাঁদের অনুরোধ, বিষয়টি যেন সংবেদনশীলভাবে দেখা হয়।