হিজাববিধি মেনে সিনেমা নির্মাণে রাজি নন অস্কারজয়ী নির্মাতা ফারহাদি

ইরানের বাধ্যতামূলক হিজাববিধি ও সরকারি অনুমতির শর্ত মেনে সিনেমা নির্মাণে রাজি নন অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা আসগর ফারহাদি। এ কারণে তার পরবর্তী সিনেমার শুটিং হবে ইরানের বাইরে। তবে সিনেমাটির গল্প আবর্তিত হবে তেহরানকে ঘিরে এবং সংলাপ থাকবে ফারসি ভাষায়।

ব্রাজিলে একটি মাস্টারক্লাসে অংশ নেওয়ার পর ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ফারহাদি জানান, তার নতুন সিনেমার চিত্রনাট্য প্রায় শেষ পর্যায়ে। এটি হবে একটি সামাজিক নাট্যধর্মী চলচ্চিত্র। ২০২৭ সালে এর শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। ফারহাদি লেখেন, ‘আমার পরবর্তী সিনেমার চিত্রনাট্য প্রায় শেষ। এটি ফারসি ভাষার একটি সামাজিক নাটক এবং ফিলিস্তিনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের জবাব দিতেই তিনি এ কথা বলেছেন বলে ধারণা করা হচ্ছে।

নতুন সিনেমার গল্প তেহরানে স্থাপিত হলেও ইরানে এর শুটিং করবেন না বলে স্পষ্ট জানিয়েছেন এই নির্মাতা। তার ভাষ্য, সরকারি অনুমতি নিয়ে এবং বাধ্যতামূলক হিজাববিধি মেনে তিনি সিনেমা নির্মাণে আগ্রহী নন। এ কারণেই আগামী বছর ইরানের বাইরে সিনেমাটির শুটিং করার পরিকল্পনা করেছেন তিনি।

ইরানের চলচ্চিত্র নির্মাণব্যবস্থায় সিনেমা তৈরির আগে দেশটির সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। শুটিং শুরুর আগে চিত্রনাট্য অনুমোদনের জন্য জমা দিতে হয়। নির্মাণ শেষ হওয়ার পর জনসমক্ষে প্রদর্শনের আগেও সিনেমা পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হয়। এ ছাড়া পর্দায় নারী অভিনয়শিল্পীদের হিজাব পরার বাধ্যবাধকতা রয়েছে, এমনকি ব্যক্তিগত পরিবেশের দৃশ্যেও।

আ সেপারেশন ও দ্য সেলসম্যান সিনেমার জন্য অস্কারজয়ী ফারহাদি এর আগেও ফারসি ভাষায় চলচ্চিত্র নির্মাণে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। গত ১৮ আগস্ট চলচ্চিত্রবিষয়ক সাময়িকী স্ক্রিন ডেইলিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার পরবর্তী প্রকল্পের শুটিং হবে ইরান ও ফ্রান্সের বাইরে। নিজ দেশে সিনেমা নির্মাণ না করার কারণ হিসেবে তিনি রাজনৈতিক ও সামাজিক বিধিনিষেধের কথা উল্লেখ করেন। এবারের বক্তব্যে তিনি সরকারি অনুমতিপ্রক্রিয়া ও বাধ্যতামূলক হিজাববিধির অধীনে কাজ না করার অবস্থান আরও স্পষ্ট করলেন।