সিজেএফবির বিশেষ সম্মাননা পাচ্ছেন চয়নিকা চৌধুরী

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

নাটক ও চলচ্চিত্র নির্মাণে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন নির্মাতা ও নাট্যকার চয়নিকা চৌধুরী। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৫তম আসর। সেখানেই তার হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেওয়া হবে।

গত ২৫ বছর ধরে দেশের নাট্যাঙ্গনে কাজ করছেন চয়নিকা চৌধুরী। এই দীর্ঘ সময়ে ৪৭৫টি একক নাটক, ১৮টি ধারাবাহিক নাটক এবং দুটি সিনেমা নির্মাণ করেছেন তিনি। তার এই কাজের স্বীকৃতি হিসেবেই বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)।

দেশের জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন সিজেএফবি প্রতিবছর এ পুরস্কারের আয়োজন করে। এবারের অনুষ্ঠানটি হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেমে’।

সম্মাননা পাওয়া প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের অবস্থানে এসেছেন তিনি। চলার পথে নানা বাধা-বিপত্তি এলেও কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে সরে না গিয়ে কাজকে প্রাধান্য দিয়েছেন। এভাবেই ২৫ বছরের দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। কাজের স্বীকৃতি হিসেবে সিজেএফবির এই সম্মাননা পেয়ে গর্বিত তিনি।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত