টাইগার শ্রফের ওপর হামলা: অস্ত্র সরবরাহকারীসহ গ্রেফতার আরও ৪ 

বলিউড অ্যাকশন তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও চারজনকে আটক করেছে পুলিশ। 

দিল্লি ও হরিয়ানায় পৃথক অভিযান চালিয়ে দিল্লি পুলিশের স্পেশাল সেল তাদের গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতের নির্দেশে তাদের মুম্বাই পুলিশ সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—কুনাল (২১), সুমিত (১৯), রাধা (২৩) ও বাবিতা (২৩)। 

জানা গেছে, অনিল পণ্ডিত নামের এক ব্যক্তির পরিকল্পনা অনুযায়ী কুনাল ও সুমিত অমৃতসর থেকে পিস্তল ও ২০ রাউন্ড গুলি সংগ্রহ করেন। পরবর্তীতে রাধা ও বাবিতা সেই আগ্নেয়াস্ত্র নিয়ে মুম্বাই পৌঁছে দেন।

তদন্তকারীদের দাবি, হামলাকারীদের মূল টার্গেট ছিলেন বলিউডের অন্য এক শীর্ষ তারকা। তবে তাঁর কঠোর নিরাপত্তা বলয় ভেদ করতে না পেরে টাইগার শ্রফকে সহজ লক্ষ্য বানিয়ে হামলাটি চালানো হয়। ফুটবল খেলা শেষে ক্লাব থেকে বের হওয়ার মুহূর্তে টাইগারের ওপর অস্ত্রধারীরা গুলি চালায়।

এর আগে রাজস্থানের কোটা থেকে মূল তিন হামলাকারী রেহান, হৃতিক ও ফুল সিংকে গ্রেপ্তার করা হয়েছিল। নেপালে পালিয়ে যাওয়ার আগেই পুলিশ তাদের ধরে ফেলে। বর্তমানে অস্ত্র সরবরাহকারী চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নিয়েছে মুম্বাই পুলিশ।

সূত্র: হিন্দুস্তান টাইমস