ঢাকাই সিনেমার একসময়ের ব্যস্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন। তিনি জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা বাদ ফজর ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এরপর তার মরদেহ খুলনায় গ্রামের বাড়ি নেওয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন মরিয়ম বেগম। গুলশান নিকেতনের বাসায় হঠাৎ স্ট্রোক করেন। গত ১৪ অক্টোবর দিবাগত রাত পৌনে ২টার দিকে তাকে দ্রুত মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এমন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি ইন্তেকাল করেন। হাসপাতালে উপস্থিত তার ছেলে-মেয়ের সিদ্ধান্তে প্রথমে বাদ ফজর নিকেতনের মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে লাশবাহী ফ্রিজিং ভ্যান গ্রামের বাড়ি খুলনার উদ্দেশে রওনা হয়েছে। গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরিয়ম বেগমকে দাফন করা হবে।
দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন চিত্রনায়িকা পপি। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার যোগাযোগ নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে মায়ের মৃত্যুর খবরটি ঘিরে চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। একসময় ঢাকাই সিনেমায় নিয়মিত অভিনয় করেছেন পপি। বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। তবে দীর্ঘদিন ধরে অভিনয় ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী।