পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ঐতিহাসিক পান্নার গয়না পরে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। দীপাবলি উপলক্ষে বিশেষ সাজে ওই গয়না পরার পর সামাজিক অধিকারকর্মী আব্বাস হাফিজ ও মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্যের আপত্তির মুখে তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
দীপাবলি উপলক্ষে কারিনার সাজে ছিল ঐতিহ্য ও আভিজাত্যের ছোঁয়া। ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতানের সঙ্গে একই রঙের পাগড়ি পরেছিলেন তিনি। পাগড়িতে ছিল ঝলমলে একটি কলগি, যার সঙ্গে জড়িয়ে আছে তাঁর স্বামী সাইফ আলী খানের পারিবারিক ইতিহাস। বিয়ের দিন সাইফ এই কলগিটি পরেছিলেন।
তবে পুরো সাজের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট। এতে পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত—আয়াতুল কুরসি খোদাই করা রয়েছে। গয়নাটি একসময় ভোপালের বেগমের ছিল। সাইফ আলী খানের সঙ্গে বিয়ের পর পারিবারিক উত্তরাধিকার হিসেবে এটি কারিনার কাছে আসে।
কারিনার সাজসজ্জার দায়িত্বে থাকা রিয়া কাপুর ইনস্টাগ্রামে গয়নাটির ইতিহাস তুলে ধরেন। তিনি জানান, পুনিত বালানার তৈরি খাঁটি রুপার কাফতান ও পাগড়ির সঙ্গে কারিনা পরেছিলেন ভোপালের নবাবের প্রায় ২০০ বছরের পুরোনো কলগি এবং বেগমের ৩০ ক্যারেটের পান্না, যাতে খোদাই করা রয়েছে আয়াতুল কুরসি।
রিয়া আরও জানান, গয়নাগুলো সাইফের পারিবারিক উত্তরাধিকারের অংশ। তাঁর দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের মেয়ে। সেই সূত্রেই ঐতিহাসিক অলংকারগুলো তাঁদের পরিবারের কাছে এসেছে।
এদিকে কারিনা নিজেও ইনস্টাগ্রামে দীপাবলির সাজে কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্যকে যথাযথভাবে উদ্যাপন করা।’
তবে কোরআনের আয়াত খোদাই করা গয়না উৎসবের সাজে ব্যবহার করায় আপত্তি জানিয়েছেন আব্বাস হাফিজ ও মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্য। তাঁদের আপত্তির পরিপ্রেক্ষিতেই কারিনাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: এনডিটিভি।