অভিনয়ের স্বীকৃতি হিসেবে এবার পাঁচ ক্যারেটের হীরা জিতলেন পাকিস্তানি অভিনেত্রী দানানির মোবিন। রাশিয়ার মস্কোয় আয়োজিত দ্বিতীয় ওপেন ইউরেশীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন তিনি। ‘মেরা লিয়ারি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে মর্যাদাপূর্ণ ‘ডায়মন্ড বাটারফ্লাই’ পুরস্কার। ১৪ নভেম্বর পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর প্রকাশ করেছে।
পুরস্কারটির সঙ্গে রয়েছে পাঁচ ক্যারেটের একটি হীরা, যার মূল্য প্রায় আড়াই লাখ মার্কিন ডলার।
‘মেরা লিয়ারি’ চলচ্চিত্রে আফসানা চরিত্রে অভিনয় করেছেন দানানির। করাচির লিয়ারি এলাকার এক তরুণীর সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। সামাজিক বাধা ও পরিবারের কঠোর শাসন উপেক্ষা করে ফুটবল খেলার স্বপ্ন পূরণে এগিয়ে যায় মেয়েটি।
ছবির গল্পে দেখা যায়, নির্যাতনমূলক দাম্পত্য জীবন থেকে বেরিয়ে আসার পর এক প্রতিবন্ধী নারী ফুটবল কোচ লিয়ারিতে ফিরে আসেন। সেখানে মেয়েদের নিয়ে ফুটবল দল গড়ার উদ্যোগ নেন তিনি। তাঁর উদ্যোগে ফুটবলের প্রতি আগ্রহী হয়ে ওঠে আফসানা ও কুশমালা। বাবার কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে প্রশিক্ষণ শুরু করে আফসানা। অন্যদিকে জোরপূর্বক বিয়ের চাপ থেকে মুক্তি পেতে ফুটবলকে আশ্রয় হিসেবে বেছে নেয় কুশমালা। তাদের স্বপ্ন জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাওয়া।
পুরস্কার পাওয়ার পর শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন দানানির। তিনি বলেন, নারীর শক্তি, সাহস, সহনশীলতা এবং নিজেদের স্বপ্ন পূরণের অধিকার তুলে ধরে-এমন একটি চরিত্রের জন্য স্বীকৃতি পাওয়া তাঁর কাছে ভাষায় প্রকাশ করার মতো নয়।
নারীদের গল্প আরও বেশি করে তুলে ধরার আহ্বান জানান এই অভিনেত্রী। তাঁর মতে, যেসব নারী প্রচলিত প্রত্যাশাকে চ্যালেঞ্জ করেন, বাধা ভাঙেন, নিজেদের কণ্ঠস্বর খুঁজে পান এবং যে জায়গায় যাওয়ার উৎসাহ কখনো পাননি, সেখানেও নিজেদের অবস্থান তৈরি করেন-তাঁদের গল্প বলা প্রয়োজন।
দানানির আরও বলেন, শুধু বিনোদনের বাইরে গিয়ে অর্থবহ বার্তা দেয়, এমন একটি চলচ্চিত্রের অংশ হতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। তাঁর অভিনীত এই ছবি যদি অন্তত একজন মেয়েকেও নিজের স্বপ্ন পূরণের সাহস জোগায়, তাহলেই সেটি বড় অর্জন।
পুরস্কার পাওয়ার পেছনে পুরো চলচ্চিত্র দলের অবদানের কথা তুলে ধরেছেন ছবির পরিচালক আলী সাজ্জাদ শাহ। বিশেষ করে প্রযোজক ওয়াকাস রিজভি ও অভিনেত্রী আয়েশা ওমরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
২০২৫ সালে প্রথমবারের মতো দেওয়া হয় ডায়মন্ড বাটারফ্লাই পুরস্কার। ইউরেশীয় চলচ্চিত্র শিল্পকলা একাডেমি এবং রাশিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই সম্মাননা দেওয়া হয়।
এই পুরস্কারে পাকিস্তানের এটি দ্বিতীয় সাফল্য। গত বছর ‘দিমাক’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন সোনিয়া হুসাইন।
ডায়মন্ড বাটারফ্লাই পুরস্কারের বিশেষ আকর্ষণ এর স্মারক ও হীরা। বিজয়ীদের দেওয়া হয় পাঁচ হাজার কৃত্রিম হীরায় সাজানো একটি স্মারক। পাশাপাশি রাশিয়ার পূর্বাঞ্চলীয় সাখা প্রজাতন্ত্রের খনি থেকে উত্তোলিত প্রাকৃতিক হীরাও দেওয়া হয়। সেরা চলচ্চিত্রের জন্য থাকে ১০ ক্যারেটের হীরা। অন্য বিভাগগুলোর বিজয়ীরা পান পাঁচ ক্যারেটের হীরা।
গত বছর আয়োজক ও ইসলামাবাদে রুশ দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, স্মারকে ব্যবহৃত ছোট হীরাগুলোর মূল্যই ছিল আড়াই লাখ মার্কিন ডলারের বেশি।
এবারের আসরে ১৯টি দেশের মোট ৪১টি চলচ্চিত্র মনোনয়ন পেয়েছিল। সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে রাশিয়ার যুদ্ধভিত্তিক সিনেমা ‘আগস্ট’। ছবিটি পরিচালনা করেছেন নিকিতা ভাইসোৎস্কি ও ইলিয়া লেবেদেভ।
এ ছাড়া কিরগিজ পরিচালক কানিবেক কালমাতভ, ইরানি চিত্রনাট্যকার আলিরেজা মোতামেদি এবং কাজাখ অভিনেতা ঝাসুলান কপেরগেনভও বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছেন।
সূত্র: ডন