জনপ্রিয় পাকিস্তানি টিভি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’ নিয়ে দর্শকদের আলোচনা এখন তুঙ্গে। এবার সেই বিতর্কে যোগ দিলেন পাকিস্তানি মডেল ও টিভি উপস্থাপক নাদিয়া হুসেইন। ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্র জারিয়াবকে সরাসরি ‘রেড ফ্ল্যাগ’ বা ক্ষতিকর মানসিকতার মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। নাদিয়ার মতে, জারিয়াবের জীবনের সমস্যার সমাধান বিয়ে নয়, বরং প্রয়োজন থেরাপি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করা এক ভিডিওতে এ বিষয়ে কথা বলেন সাবেক এই মডেল। তাঁর বক্তব্য, শুধু সৌন্দর্য দেখে কোনো মানুষের চরিত্র বিচার করা ঠিক নয়। জারিয়াবের ক্ষেত্রেও বিষয়টি একই।
নাদিয়া বলেন, কোনো পুরুষের আচরণ খারাপ হলে বিয়ের মাধ্যমে তাকে ঠিক করে ফেলা যাবে-এমন ধারণা যেমন ভুল, তেমনি জারিয়াবের মতো একজনকে আবু বকরের সঙ্গে বিয়ে দিয়ে তার জীবনও বিপর্যস্ত করা অন্যায়।
ধারাবাহিকটিতে শেহেরিয়ার মুনাওয়ার অভিনীত আবু বকর চরিত্রটি নিয়ে কথা বলতে গিয়ে নাদিয়া বলেন, জারিয়াবের আচরণ যেভাবে সহ্য করছে আবু বকর, তা একজন সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়া কঠিন। তাঁর মতে, জারিয়াবের জীবন ঠিক করতে কোনো পুরুষকে বিয়ে করার প্রয়োজন ছিল না। বরং তার নিজের সমস্যাগুলো বুঝতে এবং সেখান থেকে বেরিয়ে আসতে পেশাদার মানসিক সহায়তা প্রয়োজন।
নারীর অধিকার মানে পুরুষের প্রতি অন্যায় নয়
নারীবাদ ও নারী-পুরুষের সমতার প্রসঙ্গ টেনে নাদিয়া বলেন, সম্পর্কের ক্ষেত্রে শুধু নারীর অধিকার নিয়ে কথা বললেই হবে না। পুরুষেরও সম্মান, মানসিক শান্তি ও ব্যক্তিগত সীমারেখার অধিকার রয়েছে।
তাঁর বক্তব্য, জারিয়াবের মতো চরিত্রের সমস্যার সমাধান বিয়ের মধ্যে খোঁজা উচিত নয়। জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর কারণ বুঝতে হবে, নিজের মানসিক ক্ষত কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। নিজের সুস্থতার দায়িত্ব নিজেকেই নিতে হবে। বিয়ে করে অন্য একজনের জীবনকে বিপর্যস্ত করা কোনো সমাধান হতে পারে না।
নাদিয়া আরও বলেন, ভালোবাসার শক্তি অনেক সমস্যার সমাধান করতে পারে। কিন্তু একজন পুরুষকে সব ধরনের বিষাক্ত আচরণ সহ্য করতে হবে-এমন প্রত্যাশা ঠিক নয়। একই নিয়ম নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য।
সম্পর্কের বাস্তবতা বুঝতে আবেগের পাশাপাশি সঠিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন বলে মনে করেন তিনি। তাঁর ভাষায়, সম্পর্ক খুবই সংবেদনশীল। অসহনীয় মাত্রার বিষাক্ত আচরণ সহ্য করাকে ভালোবাসা বলা যায় না। এটি একপর্যায়ে নির্যাতনে পরিণত হয়। জারিয়াবের আচরণে আবু বকর মানসিকভাবে নির্যাতিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
নাদিয়ার মতে, আবু বকরের মতো একজন পুরুষের আরও ভালো জীবনসঙ্গী পাওয়া উচিত। এমন সম্পর্ক হওয়া দরকার, যেখানে দুজনই একে অপরের অনুভূতি, চাহিদা ও ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করবেন। দর্শকদেরও বিষাক্ত সম্পর্ককে স্বাভাবিক বা আদর্শ হিসেবে তুলে না ধরার আহ্বান জানান তিনি।
কী নিয়ে এত আলোচনা ‘দার-এ-নিজাত’?
যারা ধারাবাহিকটি দেখেননি, তাদের জন্য গল্পের মূল বিষয় হলো জারিয়াবের প্রেম ও দাম্পত্যজীবনের টানাপোড়েন।
ধারাবাহিকে দুরিফিশান সেলিম অভিনয় করেছেন জারিয়াব চরিত্রে। স্কুলজীবনের প্রেমিক জামিলের (নামির খান) সঙ্গে বিচ্ছেদের পর সেই পরিস্থিতি মেনে নিতে বেশ কঠিন সময় পার করে সে। পরে মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বাবা-মা পারিবারিক বন্ধু আবু বকরের সঙ্গে তার বিয়ে দেন।
আবু বকর একজন ভদ্র, ধর্মপরায়ণ ও শান্ত স্বভাবের মানুষ। কিন্তু বিয়ের পর দুজনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে পাকিস্তানের দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নানা বিতর্ক। কেউ জারিয়াবের আচরণের সমালোচনা করছেন, আবার কেউ তার পরিস্থিতি ও মানসিক অবস্থার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন।
বিশেষ করে সপ্তাহান্তে ধারাবাহিকটির নতুন পর্ব প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবু বকর ও জারিয়াবের সম্পর্ক নিয়ে আলোচনা আরও বেড়ে যায়। এবার সেই বিতর্কে নাদিয়া হুসেইনের মন্তব্য নতুন মাত্রা যোগ করল।
সূত্র: ডন
নিজের বাড়িতেই কেন শাহরুখ খানের কোনো স্বাধীনতা নেই?
২৬ হাজার কোটির সাম্রাজ্যের লোভে বিয়ে, অনিরুদ্ধকে অর্থলোভী বলছে নেটিজেনরা!