কাশ্মীরের পেহেলগামে ২০২৫ সালের ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক ও একজন স্থানীয় বাসিন্দা নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা নতুন মাত্রা পায়। এর প্রভাব পড়ে দুই দেশের সাংস্কৃতিক অঙ্গনেও। পাকিস্তানি শিল্পী ও বিনোদনমূলক অনুষ্ঠান বয়কটের দাবি ওঠে ভারতে। সামাজিক যোগাযোগমাধ্যমেও পাকিস্তানি কনটেন্টের বিরুদ্ধে প্রচার শুরু হয়।
সেই উত্তেজনা আবারও সামনে এসেছে পাকিস্তানের দুটি নাটক ও ওয়েব সিরিজ ঘিরে। একটি হলো নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাঙ্গ সামেট লো’। অন্যটি পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালের নাটক ‘দার-এ-নাজাত’। দুটি কনটেন্ট ঘিরেই ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও বয়কটের দাবি ছড়িয়ে পড়েছে।
একদিকে নেটফ্লিক্সের নতুন সিরিজটি ভারতে প্রচার করা হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে দিল্লির একটি ক্যাফেতে পাকিস্তানি নাটকটির ভক্তদের জন্য অর্থের বিনিময়ে আয়োজন করা একটি প্রদর্শনী নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।
নেটফ্লিক্সের পাকিস্তানি সিরিজ নিয়ে আপত্তি
বিতর্কের শুরু নেটফ্লিক্সের পাকিস্তানের প্রথম অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাঙ্গ সামেট লো’-এর প্রচারমূলক পোস্টার প্রকাশের পর। পোস্টারে জানানো হয়েছে, সিরিজটি ২০২৬ সালের ৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা।
সিরিজটিতে অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় কয়েকজন তারকা। তাঁদের মধ্যে রয়েছেন আহাদ রাজা মীর, ইকরা আজিজ, ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ, হানিয়া আমির, হামজা আলী আব্বাসি, মায়া আলী, বিলাল আশরাফ ও খুশহাল খান।
ভারতে পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্ট প্রচারে বিদ্যমান বিধিনিষেধ এবং এ-সংক্রান্ত আইনি নিষেধাজ্ঞাকে কেন্দ্র করেই মূলত আপত্তি উঠেছে। নেটফ্লিক্স এখন পর্যন্ত সিরিজটি ভারতে মুক্তি পাবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে সিরিজের মূল পোস্টার ও চরিত্র পরিচিতি প্রকাশ করা হয়েছে নেটফ্লিক্সের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, যুক্তরাজ্য এবং গোল্ডেন অঞ্চলের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে।
বিতর্ক বাড়ার পর অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে সিরিজটির প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে।
সংগঠনটি ২০২৫ সালের ৮ মে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা একটি নির্দেশনার কথা উল্লেখ করেছে। পেহেলগাম হামলার পর জারি করা ওই নির্দেশনায় ওটিটি প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তান থেকে আসা কনটেন্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সেগুলোর প্রচার বন্ধ করতে বলা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে একদল ব্যবহারকারী পাকিস্তানি কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তাঁদের যুক্তি, ভারতীয় দর্শকের মাধ্যমে পাকিস্তানের বিনোদনশিল্প যেন আর্থিকভাবে লাভবান হতে না পারে। কেউ কেউ পাকিস্তানের সঙ্গে নিয়মিত ক্রিকেট ম্যাচ আয়োজন নিয়েও প্রশ্ন তুলেছেন। আবার অনেকে সিরিজ নিষিদ্ধ করার দাবিকে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন।
ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়েও বিতর্কে জড়িয়েছেন সিরিজটির কয়েকজন অভিনয়শিল্পী। পেহেলগাম হামলার জবাবে ভারত ওই সামরিক অভিযান চালিয়েছিল। এ সময় ফাওয়াদ খান ও মাহিরা খানের কথিত ভারতবিরোধী মন্তব্যের অভিযোগ সামনে এনে তাঁদের সমালোচনা করা হয়।
ফাওয়াদ খান ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ এবং মাহিরা খান ‘কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব বক্তব্যের কারণে সিরিজটির প্রচারমূলক পোস্টার ও অন্যান্য উপকরণ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।
তবে বয়কটের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তাঁদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধিতা থাকলেও আগ্রহী দর্শকেরা শেষ পর্যন্ত সিরিজটি দেখবেন। এর প্রভাব কী হবে, তা সময়ই বলে দেবে।
দিল্লির ক্যাফেতে পাকিস্তানি নাটকের প্রদর্শনী
একই সময়ে পাকিস্তানের আরেকটি নাটক ‘দার-এ-নাজাত’ ঘিরেও ভারতে বিতর্ক ছড়িয়ে পড়ে। শেহরিয়ার মুনাওয়ার, দুর-ই-ফিশান সেলিম ও নামির নওয়াজ খান অভিনীত নাটকটি পাকিস্তানের এআরওয়াই ডিজিটালে প্রচারিত হয়েছে। ইউটিউবেও এটি দেখা যায়। ভারতে পাকিস্তানি কনটেন্টের ওপর বিধিনিষেধ থাকলেও দেশটির কিছু দর্শক ইউটিউবের মাধ্যমে নাটকটি দেখছেন।
বিতর্কের সূত্রপাত হয় দিল্লির একটি ক্যাফেতে নাটকটির ভক্তদের জন্য আয়োজন করা প্রদর্শনীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর। আয়োজনে অংশ নেওয়া দর্শকদের নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এমন আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন, আবার কেউ ভারতে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা এখনো কেন রয়েছে, তা নিয়ে আলোচনা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু মন্তব্যে আয়োজনটিকে ঘিরে সাম্প্রদায়িক বিদ্বেষও প্রকাশ পেয়েছে। কয়েকজন ব্যবহারকারী মুসলিম দর্শকদের অংশগ্রহণ নিয়ে আপত্তি তুলে ‘লাভ জিহাদ’-এর মতো শব্দ ব্যবহার করেছেন। অন্যরা পাকিস্তানের বিরুদ্ধে অতীতের হামলার অভিযোগ তুলে দেশটির বিনোদনশিল্পকে সমর্থন করার সমালোচনা করেছেন। কেউ কেউ ভারতে সব ধরনের পাকিস্তানি কনটেন্ট নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন।
তবে এই সমালোচনার বিপরীতে নাটকটির জনপ্রিয়তার কথাও তুলে ধরেছেন অনেকে। দিল্লিতে প্রদর্শনী আয়োজনের বিষয়টি উল্লেখ করে কেউ কেউ নাটকটির প্রতি দর্শকদের আগ্রহের প্রশংসা করেছেন।
পাকিস্তানেও ‘দার-এ-নাজাত’ নিয়ে বিতর্ক রয়েছে। নাটকটির চরিত্র উপস্থাপন ও কাহিনির কারণে দেশটির কিছু দর্শক একে ‘ইনসেস্ট ড্রামা’ বা নিকটাত্মীয়ের মধ্যে অনৈতিক সম্পর্কনির্ভর নাটক বলে সমালোচনা করেছেন।
এদিকে নেটফ্লিক্সের সিরিজটি ভারতে মুক্তি পাবে কি না, কিংবা দিল্লির ক্যাফেতে ‘দার-এ-নাজাত’-এর প্রদর্শনী আয়োজনের বিষয়ে এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। ওই আয়োজনে নাটকটির পরিচালক সাকিব খানের সঙ্গে ভার্চ্যুয়াল প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়েছিল বলে জানা গেছে।
রাজনীতির বাইরে বিনোদন, নাকি সাংস্কৃতিক প্রভাব?
দুটি ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিরোধ আবারও আলোচনায় এসেছে। একদিকে পাকিস্তানি কনটেন্টের বিরুদ্ধে বয়কটের দাবি রয়েছে, অন্যদিকে ভারতে এসব নাটক ও সিরিজের প্রতি দর্শকদের আগ্রহও দেখা যাচ্ছে।
এ ছাড়া দেশটিতে পাকিস্তানি কনটেন্ট প্রচারে বিধিনিষেধ থাকা সত্ত্বেও কিছু দর্শক কীভাবে এসব অনুষ্ঠান দেখছেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
সব মিলিয়ে, সাম্প্রতিক বিতর্ক শুধু দুটি পাকিস্তানি নাটক বা সিরিজের প্রচার ঘিরে নয়; বরং রাজনৈতিক বৈরিতা, সাংস্কৃতিক প্রভাব এবং দর্শকদের ব্যক্তিগত পছন্দের মধ্যকার টানাপোড়েনকেও সামনে এনেছে।
সূত্র: এনডিটিভি