ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে কি না, সে সিদ্ধান্ত আগামী বছরের শুরু পর্যন্ত পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালিতে উত্তেজনা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক পদক্ষেপের চাপ সব মিলিয়ে পশ্চিম এশিয়ায় আবারও বড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অবস্থান এখন এক জটিল পর্যায়ে। একদিকে ট্রাম্প প্রশাসন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মাধ্যমে তেহরানের ওপর চাপ বাড়ানোর কথা বলছে; অন্যদিকে ইরানও উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলার সক্ষমতা দেখাচ্ছে। ফলে সংঘাতের পরিসর আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
গত ১৯ নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের হামলা চালানোর বিষয়ে তিনি আগামী বছরের শুরুতে কথা বলবেন। তাঁর ভাষায়, ‘আমাদের হাতে সময় আছে।’ ফক্স নিউজকেও তিনি বলেন, ১ জানুয়ারির পর পরিস্থিতি কী দাঁড়ায়, তা দেখা হবে।
এর আগে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনা কিংবা সামরিক অভিযান বাড়ানোর বিষয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছিলেন ট্রাম্প। এবারও তিনি সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি। বরং বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না এবং একই পরিস্থিতি আবার তৈরি হলে তিনি একই সিদ্ধান্ত নিতেন।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা তাদের নিরাপত্তার জন্য হুমকি। তবে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। ফলে সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নৌ চলাচলের নিরাপত্তা।
যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যেও নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা বাড়ছে। ১৯ নভেম্বর প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ বিমান হামলা চালানোর জন্য ট্রাম্প প্রশাসনের ওপর চাপ দিচ্ছেন বলে কয়েকজন আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন।
এ পরিস্থিতিতে উপসাগরীয় কয়েকটি দেশ, পাকিস্তান ও তুরস্কের কর্মকর্তারা ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। তাঁদের লক্ষ্য, নতুন করে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়া ঠেকানো এবং যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা।
এপি জানায়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান সম্প্রতি ওয়াশিংটনে সিআইএ পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে এবং পরে মায়ামিতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন। আঞ্চলিক কর্মকর্তাদের আশঙ্কা, নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গোফম্যানের এ সফর ট্রাম্পের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। তবে ইসরায়েলি গোয়েন্দাপ্রধানের সফরকে নিয়মিত যোগাযোগের অংশ বলেও ব্যাখ্যা দিয়েছেন সংশ্লিষ্ট এক ব্যক্তি।
অন্যদিকে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা এপিকে বলেছেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ কার্যকর হচ্ছে বলে তাঁদের ধারণা। এ কারণে ট্রাম্পের নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার প্রয়োজন নাও হতে পারে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয় ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। এর জবাবে ইরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনা, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো এবং বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও আঞ্চলিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়েও এ সংঘাত নতুন প্রশ্ন তুলেছে। ৩১ অক্টোবর প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেসের উপগ্রহচিত্রভিত্তিক বিশ্লেষণে বলা হয়, আগস্ট পর্যন্ত ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর দাবি করা ১১৫টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যের ২৬টি মার্কিন সামরিক ঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনার অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
এপি বিভিন্ন স্যাটেলাইট সরবরাহকারীর ছবি বিশ্লেষণ করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব ক্ষয়ক্ষতির তথ্য যাচাই করেছে। প্রতিবেদনে বলা হয়, ইরান প্রথমে মার্কিন ঘাঁটির আগাম সতর্কীকরণ ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা-সংশ্লিষ্ট স্থাপনায় আঘাত হানে। পরে বিমান রাখার হ্যাঙ্গার, গুদাম ও সেনাসদস্যদের আবাসনসহ অন্যান্য স্থাপনায় হামলা চালানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, হামলার পর পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যোগাযোগ সরঞ্জামসহ বেশ কিছু সামরিক সম্পদ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০ বার হামলা হয়েছে বলে এপি জানিয়েছে। এতে অন্তত ১৫টি বিমান রাখার হ্যাঙ্গার, কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছের ১০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
তবে এসব ক্ষয়ক্ষতি ইরানের সামগ্রিক সামরিক শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে না। বরং উপগ্রহচিত্রভিত্তিক তথ্য দেখায়, যুক্তরাষ্ট্রের উন্নত সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আঞ্চলিক মার্কিন স্থাপনাগুলোর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
ইরান যুদ্ধের আর্থিক ব্যয়ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বিতর্কের বিষয় হয়ে উঠেছে। ১৯ নভেম্বর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের শেষ দিকে প্রকাশিত পেন্টাগনের তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল বাজেট অফিসের (সিবিও) হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১ আগস্ট পর্যন্ত সামরিক অভিযানে ব্যয় হয়েছিল ৩৮ বিলিয়ন ডলার। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) সেপ্টেম্বরের প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধের কারণে মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদের মজুতেও ঘাটতি তৈরি হয়েছে এবং নতুন করে সরবরাহ বাড়ানোর ক্ষেত্রে উৎপাদনসংক্রান্ত সীমাবদ্ধতা দেখা দিয়েছে।
যুদ্ধের ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসেও বিরোধ রয়েছে। গত ১৯ নভেম্বর সিনেটে প্রেসিডেন্টের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব ৫১-৪৮ ভোটে নাকচ হয়। প্রস্তাবটির উদ্দেশ্য ছিল যুদ্ধ বন্ধ করা অথবা তা চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন নিশ্চিত করা।
রয়টার্সের উদ্ধৃত ১৩ থেকে ১৬ নভেম্বরের এক জরিপে দেখা যায়, মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধের পক্ষে মত দিয়েছেন। অর্থাৎ সামরিক অভিযান নিয়ে দেশটির জনমতেও অসন্তোষ রয়েছে।
পশ্চিম এশিয়ার সংঘাত শুধু সামরিক স্থাপনা বা সীমান্তে সীমাবদ্ধ নেই। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি এখন এ সংঘাতের প্রধান কৌশলগত ক্ষেত্রগুলোর একটি।
যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হুমকি ও বাণিজ্যিক জাহাজে হামলার কারণে যুদ্ধের প্রথম দিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে যায়। এর প্রভাব পড়ে বিশ্ববাজারে তেল, প্রাকৃতিক গ্যাসসহ বিভিন্ন পণ্যের সরবরাহে।
সম্প্রতি এ প্রণালিতে আবারও উত্তেজনা বেড়েছে। এপির ১৯ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান হরমুজ প্রণালির কেশম দ্বীপে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে হামলা চালানোর পর ইরান বাহরাইনে মার্কিন রাডার স্থাপনা এবং কুয়েতে মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। একই সময়ে প্রণালিতে জাহাজ চলাচল ঘিরেও উত্তেজনা অব্যাহত ছিল।
সংঘাতের বিস্তার ঘটলে শুধু তেলবাহী জাহাজ নয়, উপসাগরীয় দেশগুলোর বিদ্যুৎকেন্দ্র, পানি বিশুদ্ধকরণ স্থাপনা, জ্বালানি অবকাঠামো এবং সমুদ্রতলের যোগাযোগ কেবলও ঝুঁকিতে পড়তে পারে বলে আঞ্চলিক কর্মকর্তারা আশঙ্কা করছেন। ইয়েমেনের হুতিদের মাধ্যমে লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের বিশ্লেষণে ইরান যুদ্ধের কয়েকটি সম্ভাব্য পরিণতির কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী সীমিত সংঘাত, অস্বস্তিকর যুদ্ধবিরতি, নতুন করে বড় সামরিক অভিযান এবং আলোচনার মাধ্যমে সমঝোতা।
বিশ্লেষণে বলা হয়েছে, দুই পক্ষই যদি মনে করে সামরিক সংঘাতের চেয়ে আলোচনার মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষা করা বেশি লাভজনক, তাহলে সমঝোতার পথ তৈরি হতে পারে। তবে এর আগে জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও কয়েক সপ্তাহের মধ্যে তা ভেঙে যায়। আগস্টে ওই সমঝোতার মেয়াদও শেষ হয়। ফলে নতুন কোনো চুক্তি কতটা টেকসই হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এদিকে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু হলে ইরানের পাল্টা হামলা আরও বিস্তৃত হতে পারে। এতে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং আন্তর্জাতিক নৌপথ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। লেবানন, ইরাক ও ইয়েমেনে ইরান-ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর তৎপরতাও পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।
সব মিলিয়ে ট্রাম্পের সামনে এখন সামরিক চাপ অব্যাহত রাখা, অর্থনৈতিক অবরোধের ওপর নির্ভর করা কিংবা কূটনৈতিক সমাধানের পথে এগোনোর মতো কয়েকটি পথ রয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর সরকারের সামরিক অবস্থান এবং ইরানের পাল্টা প্রতিরোধের কৌশলও সংঘাতের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পশ্চিম এশিয়ার দেশগুলো নতুন করে সর্বাত্মক যুদ্ধ ঠেকাতে কূটনৈতিক তৎপরতা বাড়ালেও মাঠপর্যায়ের পাল্টাপাল্টি হামলা ও হরমুজ প্রণালির উত্তেজনা পরিস্থিতিকে অনিশ্চিত করে রেখেছে। এ অবস্থায় সংঘাতের পরবর্তী মোড় শুধু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের জন্য নয়, গোটা বিশ্বের জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
'ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট নেতা ও বিশ্বাসঘাতক'
ইরানে অন্তঃসত্ত্বা ১৯ বছরের তরুণীকে পিটিয়ে হত্যা করলো বাবা-মা
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ধ্বংস করলো ইরান
একটানা হাঁটার চেয়ে প্রতি ঘণ্টায় ৫ মিনিট হাঁটা বেশি উপকারী, বলছে গবেষণা