বিনোদন প্রতিবেদক: রাজধানী ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘শান্তি চলচ্চিত্র উৎসব’। আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে উৎসবটি শুরু হবে ২৮ অক্টোবর, শেষ হবে ২৯ অক্টোবর।
জানা গেছে, সৃজনশীল তরুণ চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণে সহনশীল, সংহত ও শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে আয়োজিত হতে যাচ্ছে এই ‘শান্তি চলচ্চিত্র উৎসব‘। শনিবার (২৮ অক্টোবর) বিকেল তিনটায় এ উৎসবের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ঢাকাস্থ রয়েল নরওয়েজিয়ান দূতাবাসের সহযোগিতায়, ফিল্মস ফর পিস ফাউন্ডেশন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাইভার্সিটি ফর পিস এবং ইউএনডিপি বাংলাদেশ যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে। উৎসবে ৬৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।
তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করতে উৎসবের দ্বিতীয় দিনে সাতটি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। সবার জন্য উন্মুক্ত এই আয়োজন চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।