অস্কারে শ্রেষ্ঠ সিনেমা ‘ওপেনহাইমার’

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৬তম আসর। এ আসরে সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন ক্রিস্টোফার নোলান। ‘ওপেনহাইমার’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি নোলানের প্রথম অস্কার। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা ও সেরা পার্শ্ব অভিনেতাসহ সাতটি বিভাগে পুরস্কার জিতেছে এই ছবি।

বাংলাদেশ সময় সোমবার (১২ মার্চ) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অস্কারের এ পুরস্কার ঘোষণা করা হয়। চতুর্থবারের মতো অস্কার সঞ্চালনায় ছিলেন জিমি কিমেল।

এবারের আসরে পরিচালকের মনোনয়ন পেয়েছেন পাঁচজন। নোলান ছাড়াও ‘অ্যানাটমি অব আ ফল’ ছবির জন্য জাস্টিন ত্রিয়েত, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’-এর জন্য মার্টিন স্করসেসি, ‘পুওর থিংস’-এর জন্য ইয়োর্গস লান্থিমোস এবং ‘দ্য জোন অব ইন্টারেস্ট’-এর জন্য জোনাথন গ্লেজার।

Oscar 2

‘ওপেনহাইমার’ সিনেমায় জে রবার্ট ওপেনহাইমার প্রতিদ্বন্দ্বী লুইস স্ট্রসের ভূমিকায় অভিনয় করেছেন ডাউনি জুনিয়র। অস্কারের মঞ্চে এই পুরস্কারের জন্য পরিচালক ক্রিস্টোফার নোলানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সেরা পার্শ্ব অভিনেতার বিভাগে আরও মনোনয়ন পেয়েছিল- রবার্ট ডি নিরো (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), স্টার্লিং কে ব্রাউন (আমেরিকান ফিকশন), রায়ান গসলিং (বার্বি) ও মার্ক রাফালো (পুওর থিংস)।

Oscar 1

চলচ্চিত্রে ২০২৩ সালের সেরা কাজগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে।

সেরা চলচ্চিত্র ওপেনহাইমার, সেরা অভিনেতা কিলিয়ান মারফি (ওপেনহাইমার), সেরা অভিনেত্রী এমা স্টোন (পুয়োর থিংস), সেরা পার্শ্ব অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার), সেরা পার্শ্ব অভিনেত্রী ডে’ভাইন জয় র‌্যান্ডলফ (দ্য হোল্ডওভারস), সেরা চলচ্চিত্র পরিচালক ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার), সেরা মৌলিক চিত্রনাট্য অ্যানাটমি অব অ্যা ফল (জাস্টিন ত্রিয়েত, আর্থার হারারি), সেরা রূপান্তরিত চিত্রনাট্য আমেরিকান ফিকশন (কর্ড জেফারসন), সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র দ্য বয় অ্যান্ড দ্য হেরন (হায়াও মিয়াজাকি ও তোশিও সুজুকি), সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র দ্য জোন অব ইন্টারেস্ট (যুক্তরাজ্য), সেরা চিত্রগ্রহণ ওপেনহাইমার (হয়তে ফন হয়তেমা), সেরা পোশাক পরিকল্পনা পুয়োর থিংস (হলি ওয়াডিংটন), সেরা প্রামাণ্যচিত্র টোয়েন্টি ডেজ ইন মারিউপোল (মিস্তিস্লাভ চেরনোভ, ইউক্রেন), সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র দ্য লাস্ট রিপেয়ার শপ (বেন প্রাউডফুট ও ক্রিস বাওয়ার্স), সেরা চলচ্চিত্র সম্পাদনা ওপেনহাইমার (জেনিফার লেম)।

সেরা রূপসজ্জা ও চুলসজ্জা পুয়োর থিংস (নাদিয়া স্টেসি, জশ ওয়েস্টন ও মার্ক কুলিয়ার), সেরা মৌলিক আবহসংগীত লুদবিগ গোরানসন (ওপেনহাইমার), সেরা মৌলিক গান হোয়াট ওয়াজ আই মেড ফর? (গীতিকবি ও সুরকার বিলি আইলিশ, ফিনিয়াস ও’কনেল, চলচ্চিত্র: বার্বি), সেরা শিল্প নির্দেশনা পুয়োর থিংস (জেমস প্রাইস, শনা হিথ ও জুজা মিহালেক), সেরা শব্দ দ্য জোন অব ইন্টারেস্ট (জনি বার্ন, টার্ন উইলার্স), সেরা ভিজ্যুয়াল ইফেক্টস গডজিলা মাইনাস ওয়ান  (তাকাশি ইয়ামাজাকি, কিয়োকো শিবুয়া, মাসাকি তাকাহাশি, তাতসুজি নোজিমা), সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার (ওয়েস অ্যান্ডারসন, স্টিভেন রালস), সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র ওয়ার ইজ ওভার! ইন্সপায়ার্ড বাই দ্য মিউজিক অব জন অ্যান্ড ইয়োকো (ডেভ মালিন্স, ব্র্যড বুকার)।