অস্কারে 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার'-এর জয়জয়কার

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৪ পিএম

হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের এবারের আসরে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে রাজনৈতিক থ্রিলারধর্মী চলচ্চিত্র ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) রাতে ছয়টি পুরস্কার জিতে ছবিটি হয়ে উঠেছে এবারের আসরের সবচেয়ে আলোচিত ও সফল সিনেমা।

চলচ্চিত্রটি জিতেছে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা সম্পাদনা, সেরা চিত্রনাট্য রূপান্তর, সেরা সাউন্ড এবং সেরা প্রোডাকশন ডিজাইনের পুরস্কার। একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে জয়ী হয়ে সিনেমাটি অস্কারের মঞ্চে শক্ত অবস্থান তৈরি করেছে।

এই ছবির মাধ্যমেই প্রথমবারের মতো অস্কারে সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালক পুরস্কার জিতলেন নির্মাতা পল থমাস অ্যান্ডারসন। দীর্ঘদিন ধরে হলিউডের অন্যতম সম্মানিত নির্মাতা হিসেবে পরিচিত হলেও এতদিন তার ঝুলিতে কোনো অস্কার ছিল না। তাই এবারের জয়কে অনেকেই তার দীর্ঘ অপেক্ষার অবসান হিসেবে দেখছেন।

পুরস্কার গ্রহণের সময় মজার ছলে অ্যান্ডারসন বলেন, একটি অস্কার পেতে তাকে বেশ কঠোর পরিশ্রম করতে হয়েছে। তিনি বলেন, এই স্বীকৃতির জন্য তিনি সত্যিই কৃতজ্ঞ। একই সঙ্গে চলচ্চিত্রটি নির্মাণের পুরো প্রক্রিয়াকে তিনি অসাধারণ এক যাত্রা হিসেবে উল্লেখ করেন।

এদিকে অভিনয় বিভাগেও ছিল চমক। সিনার্স ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান। এ বিভাগে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী টিমোথি শ্যালামেকে পেছনে ফেলেছেন।

অন্যদিকে হ্যামনেট ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলি। তার আবেগঘন অভিনয় সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। সূত্র: বিবিসি

AS
আরও পড়ুন