ভারতে চলছে নির্বাচন। পছন্দের প্রার্থীদের ভোট দেওয়া নিয়ে সর্বত্র আলোচনা চলছে। দেশটির অভিনয়শিল্পীরাও অংশগ্রহণ করছে। কেউ পছন্দের রাজনৈতিক দলের প্রচারণায় নেমেছেন আবার কেউবা হয়েছেন প্রার্থী। তবে মহানায়ক উত্তম কুমার ছিলেন এর বিপরীত। কোনো দলের হয়ে মুখ দেখানো দূরের কথা তিনি ভোটকেন্দ্রেই যেতেন না।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, উত্তম কুমারের নাতি গৌরব তাঁর দাদাকে না দেখলেও পরিবারের সদস্যদের মুখেই শুনেছেন মহানায়ক কখনও বুথে গিয়ে ভোট দিতেন না। বরং বাড়ি থেকেই খামে ভরে তাঁর ভোট জমা পড়ত। সরকারি কর্তারা যেভাবে পোস্টার ব্যালটে ভোট দেন সেভাবেই ভোটাধিকার প্রয়োগ করতেন উত্তম কুমার।
জানা গেছে, পোর্ট ট্রাস্টের চাকরিজীবী হিসেবেই এই বিশেষ সুবিধা পেতেন মহানায়ক। অভিনয়ের জন্য পরে সেই চাকরি ছেড়ে দিলেও তৎকালীন ভারতীয় সরকার তাঁর জন্য এই বিশেষ ব্য়বস্থা চালু রেখেছিল। কারণ, বুথে উত্তম কুমারকে দেখলে জনবিস্ফোরণ ঘটতে পারে! হতে পারে গণ্ডোগোল! সেই বিশৃঙ্খলা রুখতেই উত্তম কুমারের জন্য বিশেষ ব্যবস্থা বহাল ছিল। সূত্র : সংবাদ প্রতিদিন