গান গেয়ে রেকর্ড গড়লেন ম্যাটেরিয়াল গার্লখ্যাত ম্যাডোনা। শনিবার (৪ মে) ব্রাজিলের রিও ডি জেনিরো’তে কোপাকাবানা সমুদ্রতীরে কনসার্টে ১৬ লাখেরও বেশি মানুষ এসছিলো। ৬৫ বছরে এটা তার জীবনে সবচেয়ে বেশি ভক্তের সামনে গান গাওয়ার রেকর্ড। এটি ছিল ‘দ্য সেলিব্রেশন ট্যুর’-এর শেষ শো যা গত বছর অক্টোবরে লন্ডন থেকে শুরু হয়েছিল।
কনসার্টের আগে দমকলকর্মীরা হেলিকপ্টারে করে পানি স্প্রে করে যখন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। পপ কুইনের মঞ্চের কাছে জড়ো হওয়া ভক্তদের শীতল করার জন্য বিনামূল্যে পানীয় বিতরণ করা হয়েছিল। কারণ গভীর রাতের শো চলাকালীন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস ছিল।
শনিবার ব্রাজিলের স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে কোপাকাবানা প্যালেস হোটেল থেকে বিশেষ এলিভেটেড ব্রিজে মঞ্চে আসেন ম্যাডোনা। পরনে কালো পোশাক, পপ তারকা শো শুরু করেন নব্বইয়ের তুমুল জনপ্রিয় গান ‘নাথিং রিয়েলি ম্যাটার্স’ দিয়ে। জনসমুদ্র ততক্ষণে উল্লাসে ফেটে পড়েছে, কোপাকাবানা সৈকত পরিণত হয়েছে উৎসবের কেন্দ্রে।
‘রিও, দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গায় আমরা আছি’, গান থামিয়ে হঠাৎ বলতে শুরু করেন ম্যাডোনা। উপস্থিত দর্শক হাত নেড়ে আর ক্রমাগত চিৎকারে দেন। রাত যত বাড়তে থাকে, ম্যাডোনা-জাদুতে বুঁদ হয়ে যান সবাই।
এদিন কনসার্টটি ভালোভাবে উপভোগ করার জন্য সৈকতে অনেকগুলো বড় পর্দা লাগানো হয়েছিল। এ ছাড়া পুরো সৈকতে ছিল টি-শার্ট, স্যুভেনিরসহ নানা উপকরণের দোকান। এই কনসার্ট ব্রাজিলের স্থানীয় অর্থনীতিতে ৪০ লাখ ডলারের বেশি অবদান রেখেছে বলে জানা গেছে। সূত্র: বিবিসি