গত বছরের এই দিনে (১৯ সেপ্টেম্বর) লাখো ভক্তকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ। তার গানে মুগ্ধ বাংলাদেশসহ বিশ্বের অসংখ্য শ্রোতা। প্রিয় এই শিল্পীর প্রয়াণ দিবসে এবার প্রকাশিত হলো তার কণ্ঠে গাওয়া নতুন গান ‘ফেলে আসা’। গানটিতে জুবিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের গায়িকা রত্না সাহা।
দীর্ঘদিন অপ্রকাশিত থাকার পর জুবিনের প্রয়াণ দিবসেই বিশেষ গানটি প্রকাশ করেছেন রত্না। গানটির কথা লিখেছেন কলকাতার জনপ্রিয় গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। সুর করেছেন আসামের সংগীত পরিচালক রিজওয়ান ইয়াসিন। সংগীতায়োজন করেছেন শুভায়ু ভট্টাচার্য। ‘ফেলে আসা’ গানের ভিডিও নির্মাণ করেছেন পাভেল মাহমুদ জয়। এতে অভিনয় করেছেন তারেক জামান তানজ ও ফাইজা ইসলাম। শিশুশিল্পী হিসেবে রয়েছেন রুদ্রনীল দত্ত, তূর্যনিনাদ দত্ত ও শ্রেষ্ঠা তুলসিয়ান।
প্রিয় চট্টোপাধ্যায়ের মাধ্যমে জুবিন গার্গের সঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন রত্না সাহা। জুবিনের গান শুনে বেড়ে ওঠা এই গায়িকার কাছে প্রিয় শিল্পীর সঙ্গে কণ্ঠ মেলানো ছিল দীর্ঘদিনের স্বপ্ন। একসময় সেই স্বপ্ন পূরণও হয়। কিন্তু গানটি প্রকাশের আগেই না ফেরার দেশে পাড়ি জমান জুবিন।
গানটি নিয়ে রত্না সাহা বলেন, ‘আমি অনেক সৌভাগ্যবান যে এত বড় একজন শিল্পীর সঙ্গে গান গাইতে পেরেছি। আমি জুবিন গার্গ দাদার গান শুনে বড় হয়েছি। স্বপ্ন ছিল তার সঙ্গে একটি গান গাইব। সেটা করতে পেরে অনেক খুশি। তবে তিনি বেঁচে থাকলে হয়তো এই সময় তার অনুভূতি জানতে পারতাম। সেটা আমার জন্য একটা বড় আক্ষেপ। তারপরও তিনি আমার জন্য যে উপহার রেখে গেছেন, এটাই আমার সংগীতজীবনের অনেক বড় পাওয়া।’
মেসিই ছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড় : ইয়ামাল
যেভাবে নির্বাচন করা হয় ব্যালন ডি’অর জয়ী ফুটবলার