দীর্ঘ প্রতীক্ষার পর নতুন অ্যালবাম ‘আরিরাং’ নিয়ে ফিরলো বিটিএস

দীর্ঘ চার বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বসংগীতের মঞ্চে ফিরল দক্ষিণ কোরিয়ান সেনসেশন বিটিএস (BTS)। শুক্রবার (২০ মার্চ) মুক্তি পেয়েছে ব্যান্ডটির বহুল প্রতীক্ষিত পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ (Arirang)। বাধ্যতামূলক সামরিক সেবা শেষ করার পর এটিই বিটিএস-এর প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম, যা নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

অ্যালবামটির নামকরণ করা হয়েছে কোরিয়ার ঐতিহ্যবাহী লোকসংগীতের নামানুসারে। ১৪টি ট্র্যাক নিয়ে সাজানো এই অ্যালবামে ব্যান্ডটি তাদের নিজস্ব আত্মপরিচয় ও শেকড়কে তুলে ধরেছে। বিশ্বখ্যাত বিনোদন সাময়িকী ‘বিলবোর্ড’ এই অ্যালবামটিকে ব্যান্ডের সদস্যদের পক্ষ থেকে তাদের মাতৃভূমির প্রতি একটি ‘প্রেমপত্র’ হিসেবে অভিহিত করেছে।

অ্যালবাম মুক্তির প্রাক্কালে বিটিএস সদস্য জিমিন বলেন, ‘আমরা আমাদের সংগীতের মাধ্যমে নিজেদের পরিচয় এবং সত্যতাকে কীভাবে ফুটিয়ে তোলা যায়, তা নিয়ে গভীরভাবে ভেবেছি। এই অ্যালবামে আমাদের কোরিয়ান ঐতিহ্য এবং প্রেক্ষাপটকে নতুনভাবে মূল্যায়ন করা হয়েছে।’

নতুন অ্যালবামের গানগুলো নিয়ে শনিবার সিউলের ঐতিহাসিক গিয়াংওয়ামুন স্কয়ারে একটি বিশাল ওপেন-এয়ার কনসার্ট অনুষ্ঠিত হবে। এই আয়োজনকে কেন্দ্র করে সিউল এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রায় ২ লাখ ৬০ হাজার ভক্ত সরাসরি এই কনসার্টে যোগ দেবেন। ভিড়ের কারণে সিউলের অধিকাংশ হোটেল ইতিমধ্যে বুক হয়ে গেছে। ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ভক্ত টিকিট না পেয়েও প্রিয় তারকাদের একনজর দেখতে সিউলে ভিড় জমাচ্ছেন।

যারা সরাসরি সিউলে উপস্থিত থাকতে পারছেন না, তাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স বিশ্বের ১৯০টি দেশে এই কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া বিটিএস ভক্তদের জন্য আরও একটি বড় সুখবর হলো, আগামী এপ্রিল মাস থেকে দলটি তিন মাসব্যাপী একটি বিশ্ব ভ্রমণে (World Tour) বের হবে।